ইরানের মুদ্রাকে ‘ধ্বংস’ করে দিচ্ছি: ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইরান ‘ব্যাপক মুদ্রাস্ফীতির’ মুখোমুখি হচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এমন দাবি করেন তিনি। পোস্টে ট্রাম্প ইরানের মুদ্রা রিয়ালের মান কমে যাওয়ার একটি চার্ট শেয়ার করে লিখেছেন, ‘আমি ইরানের মুদ্রাকে ধ্বংস করে দিচ্ছি।’

ওই চার্টে দেখানো হয়, জানুয়ারি ২০২৫ থেকে জুলাই ২০২৬-এর মধ্যে ডলারের বিপরীতে রিয়ালের মূল্য ৯০০,০০০ থেকে কমে ১,৯০০,০০০-এ দাঁড়িয়েছে।

ট্রাম্প ওই পোস্টে বিস্তারিত কোনো তথ্য দেননি। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই বার্তাটি এসেছে।

কারণ, অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞাগুলো ইরানের প্রতি মার্কিন নীতির অন্যতম প্রধান উপাদান হিসেবে রয়ে গেছে।

অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, নিষেধাজ্ঞা ও আঞ্চলিক উত্তেজনার কারণে ইরানের মুদ্রা দীর্ঘসময় ধরে চাপের মুখে রয়েছে, যার ফলে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে এর মূল্য হ্রাস পাচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের ফলে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও স্থলবাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও দাবি করেন, দেশটির ড্রোন উৎপাদন সক্ষমতাও খুবই নিম্ন পর্যায়ে নেমে এসেছে।

ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইরানের উল্লেখযোগ্য কোনো সামরিক সক্ষমতা অবশিষ্ট থাকবে না।

তিনি অভিযোগ করে বলেন, তেহরান তাদের করা চুক্তির শর্ত মেনে চলেনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে সংঘটিত একটি সাইবার হামলার পেছনে ইরানের হাত রয়েছে। তবে এ ঘটনার জন্য তিনি মিনেসোটার স্থানীয় প্রশাসনকেও দায়ী করে বলেন, তারা ‘সম্পূর্ণ অযোগ্য’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights