দল ছাড়ার গুঞ্জনের মধ্যেই রিয়ালের অনুশীলনে ভিনিসিয়ুস
অনলাইন ডেস্ক
আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন এবং ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনার মাঝেই রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র।
সোমবার মাদ্রিদের ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফেরেন তিনি। তবে অনুশীলনে ফেরার মধ্যেও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং আর্সেনালে সম্ভাব্য দলবদলের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
বিশ্বকাপ শেষে ছুটিতে ছিলেন ভিনিসিয়ুস। সোমবার সকালে প্রথমে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেন তিনি। এরপর নতুন প্রধান কোচ হোসে মরিনিয়োর অধীনে দলের অনুশীলনে অংশ নেন। ভিনিসিয়ুসের সঙ্গে ব্রাহিম দিয়াজও বিশ্বকাপ শেষে দলে যোগ দিয়েছেন।
এর আগে, ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। ফলে নতুন চুক্তিতে সমঝোতা না হলে চলতি গ্রীষ্মেই ভিনিসিয়ুসকে ছাড়তে প্রস্তুত রিয়াল। যদিও এখনো ক্লাব কর্তৃপক্ষ ও ভিনিসিয়ুসের প্রতিনিধিদের মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনার কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।
অন্যদিকে, ভিনিসিয়ুস দল ছাড়ার সিদ্ধান্ত নিলে তাকে দলে ভেড়ানোর ব্যাপারে আশাবাদী ইংলিশ ক্লাব আর্সেনাল। তবে বিষয়টি নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
প্রাক-মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচে গত শনিবার ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে গোল করেন ভিনিসিয়ুসের ব্রাজিলিয়ান সতীর্থ এন্দ্রিক।
মরিনহোর দ্বিতীয় মেয়াদে নতুন মৌসুমের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে রিয়াল। লা লিগা শুরুর আগে আগামী শনিবার বুদাপেস্টে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঙ্কভারোশের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা।
