চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া কনটেইনারবাহী জাহাজ অবশেষে উদ্ধার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

রাতভর সাতটি টাগবোটের মাধ্যমে অভিযান চালিয়ে চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া বিদেশি কনটেইনারবাহী জাহাজটি অবশেষে উদ্ধার করা হয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রেহাই পাওয়া গেছে।

স্টিয়ারিংয়ে সমস্যার কারণে ১ হাজার ২৮২ টিইইউএস (২০ ফুট সমমান) কনটেইনারবোঝাই মাল্টার পতাকাবাহী ‌‘সিএনসি ইউরেনাস’ নামের জাহাজ সোমবার দুপুরে আটকে (গ্রাউন্ডেড) যায়। পরে বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত অভিযানে গভীর রাতে জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়।

জানা গেছে, উদ্ধারের পর জাহাজটিকে নিরাপদে বি অ্যাঙ্করেজে নোঙর করানো হয়েছে। উদ্ধার অভিযান চলাকালীন বন্দর চ্যানেলটি সম্পূর্ণ নিরাপদ ও নৌ চলাচলের উপযোগী ছিল। এ ঘটনায় হতাহত নেই।

বন্দর সূত্র জানায়, ১৭০ মিটার দীর্ঘ কনটেইনার জাহাজটি কর্ণফুলী নদীর চ্যানেলে প্রবেশের সময় স্টিয়ারিং বিকল হয়ে পড়ে। এর ফলে জাহাজটি ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খায় এবং কর্ণফুলী নদী মোহনা-সংলগ্ন রিটেইনিং ওয়ালের ওপর আছড়ে পড়ে (গ্রাউন্ডেড হয়)। চীনের শিকৌ বন্দর থেকে আসা সাড়ে ৯ মিটার ড্রাফটের এই জাহাজে মাস্টারসহ ২৪ জন নাবিক রয়েছেন।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দুর্ঘটনাস্থলে দ্রুত বন্দরের চারটি, নৌবাহিনীর দুটি ও কোস্টগার্ডের একটিসহ মোট সাতটি টাগবোট মোতায়েন করা হয়। নেভিগেশন চ্যানেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরাও এই সমন্বিত অভিযানে সরাসরি যোগ দেন।

তিনি আরও জানান, উদ্ধারকারী দল ঝুুঁকি সত্ত্বেও কাজ চালিয়ে গেছে। এই অর্জন আন্তর্জাতিক মানের সিম্যানশিপ, নেতৃত্ব, পেশাদারত্ব , নিবিড় সমন্বয় এবং দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। এমন সফল উদ্ধার অভিযান পরিচালনা জাতীয় বাণিজ্যকে রক্ষা করেছে এবং চট্টগ্রাম বন্দরের সম্মান অক্ষুণ্ন রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights