মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির চেষ্টাকালে কিশোর আটক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির চেষ্টাকালে মেহেদী হাসান মোহন (১৬) নামে এক কিশোরকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদে এ ঘটনা ঘটে।

আটক মেহেদী হাসান মোহন গোবিন্দগঞ্জ পৌরসভার থানাখলসী এলাকার সাব্বির হোসেন সানির ছেলে। স্থানীয়দের দাবি, তিনি মাদকাসক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেদী হাসান মোহন মসজিদের থাই গ্লাস ভেঙে গ্রিলের ভেতর দিয়ে প্রবেশ করে দানবাক্স থেকে টাকা চুরির চেষ্টা করেন। এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।

পরে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, আটক কিশোরের বয়স কম হওয়ায় ইউএনওর নির্দেশে তাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights