এশিয়া কাপে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করবে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) টুর্নামেন্টের সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পর্দা উঠবে আট দলের এই আসরের, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।
আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।
গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।
গ্রুপ বিন্যাস
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং
গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া
বাংলাদেশের সূচি
৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া — রাত ৯:৩০
৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা — রাত ৯:৩০
৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত — রাত ৯:৩০
