আতলেতিকো ছেড়ে রিভার প্লেটে আলমাদা, দলবদলে নতুন ইতিহাস

অনলাইন ডেস্ক
আর্জেন্টিনার দলবদল বাজারে ইতিহাসের নতুন অধ্যায় লিখেছেন থিয়াগো আলমাদা। আতলেতিকো মাদ্রিদ থেকে রেকর্ড ২ কোটি ২০ লাখ ডলারের ট্রান্সফার ফিতে এই আর্জেন্টাইন তারকাকে দলে ভিড়িয়েছে রিভার প্লেট। এই চুক্তি শুধু অঙ্কের দিক থেকেই নয়, দেশের ফুটবল অঙ্গনেও তৈরি করেছে নতুন আলোড়ন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে-র প্রতিবেদন অনুযায়ী, এটি দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বা রেকর্ড ট্রান্সফার।

গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন আলমাদা। তবে স্পেনে নিজের সেরাটা মেলে ধরতে এবং শুরুর একাদশে নিয়মিত জায়গা নিশ্চিত করতে বেশ সংগ্রাম করতে হয়েছে তাঁকে। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৪০টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান তিনি। আতলেতিকোর হয়ে সব মিলিয়ে ৪ গোল ও দুটি অ্যাসিস্ট করেন ২৫ বছর বয়সী উইঙ্গার।

রিভার প্লেটের সঙ্গে চুক্তি সম্পন্ন করে শতভাগ ট্রান্সফার ফি নিশ্চিত হওয়ার পর আলমাদা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রিভার প্লেটের একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে জানান দেন, ক্লাবের সঙ্গে যোগ দিতে তিনি ইতোমধ্যেই আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আগামী সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে পারে রিভার প্লেট কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, সেদিনই ‘রিভার ক্যাম্প’-এ কোচ এদুয়ার্দো কোউদেতের অধীনে অনুশীলনে নেমে পড়তে পারেন আলমাদা। এরপর কোপা সুদআমেরিকানায় ইন্ডিপেনদিয়েন্তে সান্তা ফের মুখোমুখি হতে সতীর্থদের সাথে কোলম্বিয়া সফরের সম্ভাবনাও রয়েছে তাঁর।

ভেলেজ সার্সফিল্ডের অ্যাকাডেমি থেকে উঠে আসা আলমাদা চুক্তির শর্ত অনুযায়ী আগামী সাড়ে তিন বছর রিভার প্লেটে থাকবেন। তবে আগামী ১৮ মাসের মধ্যে আতলেতিকো মাদ্রিদ চাইলে ৪ কোটি ইউরোর বাই-ব্যাক ক্লজ কার্যকর করে তাঁকে আবার ফিরিয়ে নিতে পারবে।

ইতিমধ্যেই নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে আলমাদাকে বিদায় জানিয়ে আতলেতিকো মাদ্রিদ লিখেছে, ‘আলমাদাকে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের কাছে হস্তান্তরের বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। থিয়াগো, তোমার জীবনের নতুন এই চ্যালেঞ্জ এবং পেশাদার ও ব্যক্তিগত ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা!’

২৫ বছর বয়সী আলমাদা নিজের শৈশবের ক্লাব ভেলেজ সার্সফিল্ড ছাড়ার চার বছরেরও বেশি সময় পর আবারও আর্জেন্টিনার ফুটবলে ফিরলেন। ব্রাজিলের ক্লা বোতাফোগো থেকে ধারে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফ্রান্সের ক্লাব লিওঁ-তে কাটান তিনি। এরপর গত গ্রীষ্মে ২১ মিলিয়ন ইউরোর বিনিময়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন আলমাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights