ওমান উপকূলে ট্যাংকার দুর্ঘটনা, ৪০০ বর্গকিলোমিটার সমুদ্র এলাকায় ছড়িয়ে পড়েছে তেল

অনলাইন ডেস্ক

ওমান উপকূলের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের কাছে দুর্ঘটনায় পড়ে আটকে যাওয়া তেলবাহী ট্যাংকার থেকে নির্গত ক্রুড অয়েল সমুদ্রের প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। সোমবার দেশটির পরিবেশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তেল সামলাতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

‘ক্যারোলিন বেজেঙ্গি’ নামের ২৭৪ মিটার দীর্ঘ এই রাশিয়ান তেলবাহী ট্যাংকারটি প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে এশিয়ার দিকে যাওয়ার পথে গত জুন মাসে ইয়েমেন উপকূলে প্রথম দুর্ঘটনার মুখে পড়ে। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, জাহাজটিতে একটি বিস্ফোরণ ঘটেছিল বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি রাশিয়ার নভোরোসিস্ক বন্দর থেকে তেল বোঝাই করার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ভুয়া তথ্য ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। পরবর্তীতে ওমানের হালানিয়াত দ্বীপের কাছে সংরক্ষিত এলাকায় এটি আটকা পড়ে তেল নিঃসরণ শুরু করে।

ওমান সরকার জানিয়েছে, ছড়িয়ে পড়া তেলের আস্তরণটি দ্বীপের উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং উপকুলের প্রায় ৭ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। তবে এখন পর্যন্ত মিষ্টি পানির প্ল্যান্ট বা পর্যটন কেন্দ্রগুলোতে এর সরাসরি কোনো প্রভাব পড়েনি।

এদিকে আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে দাবি করেছে, তেলের আস্তরণটি ইতোমধ্যে প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রের ওপর ভেসে থাকা এই তেল দ্রুত নিষ্কাশন করতে না পারলে এটি ওমানের বিরল প্রজাতির সামুদ্রিক তিমি, কোরাল ও হাজারো জলজ প্রাণীর দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনবে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights