কুমিল্লায় চুরি-ছিনতাই বন্ধের দাবিতে মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীতে চুরি-ছিনতাই বন্ধ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর টাউন হলের সামনে সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা শহরে সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাই অস্বাভাবিক হারে বেড়েছে। ছিনতাইকারীদের হাত থেকে সাধারণ মানুষ, সরকারি-বেসরকারি চাকরিজীবী কেউই রেহাই পাচ্ছেন না। এমনকি ছিনতাইকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এতে নগরবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে।
বক্তারা বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চুরি-ছিনতাই বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল—‘নিরাপদ কুমিল্লা চাই’, ‘ভয়মুক্ত কুমিল্লা চাই’, ‘অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনো’, ‘কুমিল্লাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করো’, ‘কুমিল্লা কি নিরাপদ শহর?’ এবং ‘চুরি-ছিনতাই-হত্যায় আতঙ্কিত কুমিল্লাবাসী—চুরি-ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন’।
যুবনেতা জোনায়েদ রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সচেতন রাজনৈতিক ফোরামের প্রধান সমন্বয়ক শাহ মো. সেলিম, সমন্বয়ক শেখ আবদুল মান্নান, যুগ্ম সমন্বয়ক আবদুর রাজ্জাক, সাংবাদিক অশোক বড়ুয়া, মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, উদীচী কুমিল্লার সভাপতি শেখ ফরিদ আহমেদ, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, সাংস্কৃতিক সংসদের সভাপতি আবুল কাসেম, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক খোকন চন্দ, খেলাঘরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলীপ চন্দ, নারী নেত্রী শাহানা হক, শিক্ষক নেতা শান্তি ভূষণ দেবনাথ, যুবনেতা বোরহান, মেহেদী হাসান ও সুমী বড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
