মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। সমন্বিত সামাজিক উদ্যোগের মাধ্যমে পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ, আইনজীবী, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।

শনিবার চট্টগ্রাম নগরীর হালিশহর সিভিক সেন্টারে জেলা পুলিশ বিভাগ আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনার পেছনে কোনো না কোনোভাবে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। বিশেষত কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহ সামাজিক সমস্যার পেছনেও মাদকের প্রভাব রয়েছে। মাদক মানুষের স্বাভাবিক চিন্তাশক্তি ও মন-মানসিকতাকে বিকৃত করে এবং ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে একে অপরের ওপর দায়িত্ব চাপিয়ে দিলে চলবে না। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। মাদকসংক্রান্ত মামলাগুলো আইন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালনা করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা, পরিবহন ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের অন্যায় সুবিধা দেওয়া থেকে বিরত থাকতে হবে। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। সমাবেশ শেষে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights