সোনারগাঁয়ে সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে দুর্ভোগ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ ও দুর্গন্ধে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পৌরসভার নির্ধারিত ডাস্টবিন না থাকায় সড়কের পাশেই নিয়মিত ময়লা ফেলা হচ্ছে বলে অভিযোগ তাদের।
স্থানীয়রা জানান, ভবনাথপুর ও দত্তপাড়া গ্রামের মাঝামাঝি এবং সোনারগাঁ থানা ও পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে সড়কটি অবস্থিত। প্রতিদিন এই সড়ক দিয়ে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের পাশে ময়লা-আবর্জনা জমে থাকায় পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধে পথচারী ও আশপাশের বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আগে এলাকায় ডাস্টবিন থাকায় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার সুযোগ ছিল। বর্তমানে ডাস্টবিন না থাকায় অনেকে বাধ্য হয়ে সড়কের পাশে ময়লা ফেলছেন। এতে দিন দিন ময়লার স্তূপ বড় হচ্ছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়।
এ অবস্থায় দ্রুত সড়কের পাশে নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন ও নিয়মিত ময়লা অপসারণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে পৌর কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোরও দাবি তাদের।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আসিফ আল জিনাত বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে শিগগিরই পৌরসভায় ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন স্থাপন করা হবে। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই জনদুর্ভোগের অবসান হবে।
