নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫
নাটোর প্রতিনিধি
নাটোরে গরুবাহী ভুটভুটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজদার আলী (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাজদার আলী উপজেলার ধামানিয়াপাড়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।
গত ৮ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একই গ্রামের আপন দুই ভাই আক্কাছ আলী ও জাহাঙ্গীর আলম এবং লক্ষীপুর গ্রামের আব্দুর রহমান নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ধামানিয়াপাড়া গ্রামের নাজমুল হোসেন। সর্বশেষ মঙ্গলবার সাজদার আলীও মারা গেলেন। নিহতরা সবাই গরু ব্যবসায়ী ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, চান্দাইকোনা হাটে যাওয়ার পথে গরুবাহী একটি ভুটভুটির সঙ্গে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী নিহত এবং কয়েকজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
