দেশের স্বার্থে বন্ধ হোক এই জ্বালাও-পোড়াও

বিশেষ প্রতিনিধি

১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলেছিলেন। দেশটি ছিল দরিদ্র, বন্যাপ্রবণ এবং শরণার্থী ছাড়া বিশ্বের বাকি অংশে রপ্তানির মতো পণ্যও ছিল খুব কম।

কিন্তু পরে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য দেখায়। দ্রুত প্রবৃদ্ধি হয়েছে, দারিদ্র্য কমেছে, স্বাস্থ্য ও শিক্ষার দুর্বল অবস্থারও উন্নতি হয়েছে। বাংলাদেশের এই অবিশ্বাস্য অগ্রগতিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে এ দেশের পরিশ্রমী মানুষ, যারা তিল তিল করে সংগ্রাম করে গড়ে তুলেছে একটি শক্তিশালী বেসরকারি খাত। বড়, মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সৃজনশীলতা, কৃষক ও শ্রমিকদের কঠোর পরিশ্রম বাংলাদেশকে বিগত ৫৫ বছরে তলাবিহীন ঝুড়ি থেকে একটি সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করেছে; কিন্তু এ দেশের মানুষের অফুরন্ত প্রাণশক্তিতে বাংলাদেশ আরো বেশি এগিয়ে যেতে পারত যদি এ দেশের রাজনীতিতে বিভেদ আর রক্তক্ষয়ী সংঘাতের মাত্রা এত বেশি না হতো।

বাংলাদেশ কখনো ত্রুটিপূর্ণ গণতন্ত্র, কখনো সামরিক অভ্যুত্থান এবং অনির্বাচিত সরকারের মধ্য দিয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর সংঘাত ও সহিংসতা উন্নয়নের পথকে করেছে কঠিন ও দুর্গম। তার পরও এগিয়ে গেছে দেশটি। বাংলাদেশ এখন এক নতুন সংকটের মুখোমুখি।

আবারও জ্বালাও-পোড়াও এবং নাশকতার উসকানি এ দেশের অগ্রযাত্রার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

সারা দেশে শুরু হয়েছে নতুন করে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা। নানা রকম সংকটে এমনিতেই দিশাহারা দেশের সাধারণ মানুষ, তার ওপর নতুন করে এ ধরনের সহিংসতার ঘটনা নাগরিকদের জন্য যেন মড়ার উপর খাঁড়ার ঘা। বৈশ্বিক অস্থিরতা এবং বিগত সরকারের ভুল নীতির কারণে এমনিতেই দেশের অর্থনীতি বিপর্যস্ত। ইউনূস সরকারের বেসরকারি খাতবিরোধী তৎপরতার কারণে এমনিতেই বহু কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল।

বেকার হয়ে গিয়েছিলেন লাখ লাখ শ্রমিক। ইরান যুদ্ধের শুরুর দিকের মাসগুলোতে জ্বালানির ঘাটতিতে আরো কারখানা বন্ধ হয়। বেকার হয়ে পড়েন আরো লক্ষাধিক শ্রমিক। আর এখন ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশ্বব্যাংকের ধারণা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দারিদ্র্যের হার বাড়বে। এতে কয়েক দশক ধরে দারিদ্র্য কমার যে ধারা ছিল, তা উল্টে যেতে পারে।
২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল আশা করা হয়েছিল যে সেই অনিশ্চয়তা নির্বাচনের পর কেটে যাবে; কিন্তু নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শুরু হয়েছে নানামুখী ষড়যন্ত্র ও সংকট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়ায়। বাংলাদেশের অর্থনীতিতে এখন একদিকে প্রবৃদ্ধি কমছে, অন্যদিকে মূল্যস্ফীতি বাড়ছে। এই অর্থনৈতিক সংকটকে আর রাজনীতি থেকে আলাদা করে দেখা যাচ্ছে না। বর্তমানে যে আগুন সন্ত্রাসের তাণ্ডব শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে না পারলে আমাদের অর্থনীতির শেষ সম্ভাবনাটুকু জ্বলেপুড়ে ছাই হয়ে যাবে।

গোপালগঞ্জে শুরু হওয়া রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা ক্রমেই ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পেট্রল বোমা নিক্ষেপ ও সড়ক-রেলপথ অবরোধের মতো ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনে দেশের বিভিন্ন জেলায় এসব সহিংসতার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে উত্তেজনা ও সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের হামলা ও ভাঙচুরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর পরিস্থিতি শুধু গোপালগঞ্জের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ১৭ ও ১৮ নভেম্বর দেশের বিভিন্ন জেলায় একের পর এক সহিংসতার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত থেকে গত বুধবার ভোর পর্যন্ত অন্তত ২১ জেলায় নাশকতার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবারও সন্ত্রাস ও নৈরাজ্যের খবর দিয়েছে পুলিশ।

এর আগে মজুরি বৃদ্ধির দাবিতে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আন্দোলন শুরু করেন পোশাক শ্রমিকরা। শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ ঘিরে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে গুরুত্বপূর্ণ এই খাতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।

সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অনেক পোশাক শ্রমিক।

সব মিলিয়ে বাংলাদেশ এখন আরেকটি সংঘাত ও নৈরাজ্যের দিকে যাচ্ছে। কিন্তু এখন অর্থনৈতিক গভীর সংকটের মধ্যে রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ সামাল দিতে পারবে না। একটি দেশের রাজনীতি ও অর্থনীতি একে অন্যের পরিপূরক। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব। এখন যে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি চলছে, এটা কোনো রাজনীতি নয়, এটা স্রেফ সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে। তা না হলে নৈরাজ্যের কারণে ভঙ্গুর অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে। অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গেলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। বিপন্ন হবে দেশের অস্তিত্ব। আর দেশই যদি না থাকে তাহলে রাজনীতি করবেন কী নিয়ে? তাই এই নাশকতা ও নৈরাজ্য বন্ধ করুন। সবার আগে দেশ। দেশটাকে ধ্বংস করবেন না। ১৮ কোটি মানুষের জীবন ও জীবিকা নিয়ে ছিনিমিনি খেলবেন না। দেশের সম্পদ নষ্ট করে শেষ পর্যন্ত কেউ লাভবান হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights