রোহিঙ্গা গণহত্যার রায়: যুক্তরাষ্ট্র কি ভাবছে, কি বলছে ইউরোপ?

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে, বিশ্বের সর্বোচ্চ আদালতের এমন ঐতিহাসিক রায়ের পর যুক্তরাষ্ট্র সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বেশ উচ্ছ্বসিতভাবে এই সিদ্ধান্তকে একটি ‘যুগান্তকারী’ রায় হিসেবে অভিহিত করেছে।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায় ঐতিহাসিক। এর আগে কখনোই কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হয়নি। ভবিষ্যতে গণহত্যার অন্যান্য অভিযোগ, বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলার ক্ষেত্রে এটি বড় নজির স্থাপন করতে পারে এই রায়।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওয়াশিংটন এই রায়টি পর্যালোচনা করে দেখছে। একই সঙ্গে তারা আইসিজে-কে ‘রাজনৈতিকীকরণ’ থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক আইনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে আসছে। বিশেষ করে তারা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ভেঙে দেওয়ার অঙ্গীকার করেছে, যেটিকে তারা একটি বিপথগামী বিশ্ববাদী প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে। তবে আইসিজে এবং আইসিসি সম্পূর্ণ পৃথক সংস্থা এবং ট্রাম্প প্রশাসন এখনো আইসিজে-র বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর মিয়ানমারের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছে, তারা রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। দপ্তরটি আরও উল্লেখ করেছে যে, রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র এককভাবে বৃহত্তম মানবিক সহায়তাদানকারী দেশ।

এদিকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, মিয়ানমারকে কোনো বিলম্ব ছাড়াই আইসিজে-র এই রায় পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। ইইউ স্পষ্ট জানিয়েছে, আইসিজে-র সিদ্ধান্ত মেনে চলা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি আন্তর্জাতিক আইনের অধীনে একটি বাধ্যবাধকতা।

ইইউর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইউরোপীয় ইউনিয়ন আইসিজে-কে সর্বোচ্চ শ্রদ্ধার চোখে দেখে এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও আন্তর্জাতিক পর্যায়ে আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি অবিচল সমর্থন বজায় রেখেছে।

বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা জনগোষ্ঠী বাস্তুচ্যুতি ও সহিংসতাসহ অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে এবং তাদের এই দুর্দশা ভুলে গেলে চলবে না। এই যুগান্তকারী রায় ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার অপরিহার্যতা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার প্রয়োজনীয়তাকেই সামনে নিয়ে এসেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি বহিঃপ্রকাশ এবং এমন ভয়াবহ কর্মকাণ্ডের ক্ষেত্রে দায়মুক্তি যে চলতে পারে না, তারই পুনর্ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন। রায় ঘোষণার পরপরই যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানান, তার সরকার যুক্তরাজ্য থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে এবং এই রায় নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানাচ্ছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মিয়ানমারের সামরিক বাহিনীর এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পেছনে যারা জড়িত, তাদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে তথাকথিত ‘শুদ্ধি অভিযান’ শুরু করে। ওই অভিযানে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গণধর্ষণ, নির্বিচার হত্যাকাণ্ড এবং হাজার হাজার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আদালত জানিয়েছেন, তথ্যপ্রমাণে দেখা গেছে মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন অনুযায়ী, গণহত্যা সংঘটিত হয়েছে তা প্রতিষ্ঠিত করতে আদালতকে এটি প্রমাণ করতে হয়েছে যে, রোহিঙ্গাদের “সম্পূর্ণ বা আংশিকভাবে” ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights