‘ভোটার তালিকা সংশোধনের নামে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করছে ভারত’

অনলাইন ডেস্ক

ভোটার তালিকা সংশোধনের নামে ভারত দেশজুড়ে কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করার প্রক্রিয়া আরও জোরদার করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন এই প্যানেলটি এ অভিযোগ তোলে।

ইউএসসিআইআরএফ-এর চেয়ারম্যান আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেছেন, ভারত সরকার ভোটার তালিকা থেকে মুসলিম নাগরিকদের নাম বাদ দিয়ে, তাদের ‘বিদেশি’ আখ্যা দিয়ে এবং এখন অবৈধভাবে দেশ থেকে বিতাড়িত করে তাদের নিশানা করছে।

ভারতের ইতিহাসে ভোটার তালিকা সংশোধনের সবচেয়ে বড় এই প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যা প্রায় মেক্সিকোর মোট জনসংখ্যার সমান। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, তালিকা থেকে নাম বাদ পড়ার এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমরা বৈষম্যমূলক নীতি এবং ক্রমবর্ধমান নিপীড়নের শিকার হয়ে আসছেন।

তবে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, তারা মূলত দ্বৈত, মৃত, স্থানান্তরিত এবং অযোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। ভুলবশত কারও নাম বাদ পড়ে থাকলে তাদের আপিল করার সুযোগ রয়েছে বলেও কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এদিকে, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াটি সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বিতাড়নের একটি পৃথক অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়ার অর্থ এই নয় যে তিনি একজন বিদেশি নাগরিক। যেমন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার তালিকা সংশোধনের সময় নাম বাদ পড়ার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা শাহিদা ফকির নামের এক নারীকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেন বলে তিনি অভিযোগ করেছেন। বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরায় অবস্থানরত ওই নারী ভিডিও কলে তার স্বামীর সঙ্গে যোগাযোগ রাখছেন।

মার্কিন ওই প্যানেলের কমিশনার জিন মিলস বলেছেন, মুসলিম বিশ্বাসের কারণে নিজ দেশের নাগরিকদের বিতাড়িত করার ভারত সরকারের এই পদক্ষেপ ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করার কৌশলের এক চরম ও উদ্বেগজনক বহিঃপ্রকাশ। তিনি ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে তালিকাভুক্ত করার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ইউএসসিআইআরএফ মার্কিন সরকারের একটি দ্বিদলীয় সংস্থা, যা বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করে এবং নীতিগত সুপারিশ প্রদান করে। তবে তাদের এই সুপারিশ মানা মার্কিন সরকারের জন্য বাধ্যতামূলক নয় এবং ওয়াশিংটন ভারত সংক্রান্ত সাম্প্রতিক সুপারিশগুলোর ওপর এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফ-কে পক্ষপাতদুষ্ট বলে আখ্যায়িত করেছে। নয়াদিল্লি বরাবরই এ ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করে আসছে এবং একে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। এ বিষয়ে মন্তব্যের জন্য ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দেয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভোটার তালিকা সংশোধনের এই উদ্যোগকে কেন্দ্র করে ভারতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিরোধী দল ও বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, যারা হিন্দু জাতীয়তাবাদী বিজেপিকে ভোট দেবেন না বলে ধারণা করা হচ্ছে, তাদের নামই বেছে বেছে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বিক্ষোভে ভারত সরকারের দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। তবে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, বিষয়টি ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার’ এবং ওয়াশিংটন এ নিয়ে কোনো মন্তব্য করবে না।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, মোদির শাসনামলে ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে। তারা এর পেছনে ক্রমবর্ধমান বিদ্বেষমূলক বক্তব্য, ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন; যাকে জাতিসংঘ ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে অভিহিত করেছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights