ফ্যাসিস্ট আ’লীগ দেশ ধ্বংস করে যাওয়ায় দেশের মানুষকে বিদ্যুৎ সমস্যায় পড়তে হয়েছে : দুলু
নাটোর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,ফ্যাসিস্ট আ’লীগ দেশ ধ্বংস করে যাওয়ায় দেশের মানুষকে বিদ্যুৎ সমস্যায় পড়তে হয়েছে। বিএনপি এমন এক সময়ে ক্ষমতায় এসেছে, যখন আগের সরকারের লুটপাট ও নানা সংকটের কারণে দেশের মানুষ গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যায় পড়েছেন। তবে এসব সমস্যা দীর্ঘস্থায়ী হবে না। কৃষি মৌসুম শুরুর আগেই সার, গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান হবে।
শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামশার কাজিপুরে তার বাবা মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদারের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাবের পাশাপাশি আগের সরকারের সময় দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতে লুটপাটের কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর দাবি, শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা দেশের ব্যাংকগুলো থেকে অর্থ সরিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় নানা সংকট তৈরি হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্রুত কাজ চলছে। ফলে এসব সমস্যা বেশি দিন স্থায়ী হবে না।
বিদ্যুৎ খাত প্রসঙ্গে দুলু বলেন, দেশের মানুষকে সাময়িকভাবে সন্তুষ্ট করতে আগের সরকার কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করেছিল। একই সঙ্গে দেশের বিদ্যুৎ খাত বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
সার সংকট নিয়ে তিনি বলেন, দেশে সার নিয়ে কোনো সংকট নেই। আগের সরকারের নিয়োগ দেওয়া সার ডিলাররা বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তাঁদের কোনো ষড়যন্ত্র যাতে সফল না হয়, সে জন্য দ্রুত নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য পিপি রুহুল আমীন তালুকদার টগর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি সানোয়ার হোসেন তুষার ও বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।
