কোহলি থাকলে কলম্বো টেস্টের ফল ভিন্ন হতো: কাইফ
অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে জয়ের দারুণ সুযোগ হাতছাড়া করেছে ভারত। ম্যাচটি ড্র হওয়ায় দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতলেও ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অবস্থান আরও চাপে পড়েছে।
ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ মনে করছেন, মাঠে বিরাট কোহলির মতো একজন আগ্রাসী ও উদ্দীপনাময় ক্রিকেটার থাকলে ম্যাচটির ফল ভিন্ন হতে পারত। তার মতে, ম্যাচের শেষ দিনে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে প্রয়োজনীয় তীব্রতা ও শক্তির ঘাটতি ছিল।
কলম্বো টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কা মাত্র ১৬ রানে এগিয়ে থেকে চার উইকেট হাতে নিয়ে ব্যাটিং শুরু করেছিল। ভারত তখনও জয়ের অবস্থানে ছিল। কিন্তু সোনাল দিনুশার দুর্দান্ত সেঞ্চুরি ও লোয়ার অর্ডারের প্রতিরোধে শ্রীলঙ্কা ৪২৯/৯ রানে ইনিংস ঘোষণা করে। শেষ পর্যন্ত দুই দল ড্র মেনে নেয়।
কাইফের দাবি, কোহলি থাকলে তিনি সতীর্থদের ক্রমাগত উজ্জীবিত রাখতেন এবং দীর্ঘ সময় ধরে বোলিং করার মধ্যেও দলের মনোযোগ ধরে রাখতেন। ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে, ভারতীয় দল অনেকটা ধরে নিয়েছিল যে বল ঘুরছে, তাই উইকেট স্বাভাবিকভাবেই চলে আসবে।
কাইফ আরও বলেন, ভারতের মাঠের এনার্জি ছিল কম এবং দল নিজেরাই ম্যাচে যথেষ্ট চাপ তৈরি করতে পারেনি। কোহলি থাকলে সারফরাজ খান, যশস্বী জয়সওয়ালদেরও চাঙ্গা রাখার পাশাপাশি দিনুশার ওপর মানসিক চাপ তৈরি করার চেষ্টা করতেন বলে মনে করেন তিনি।
তবে ড্রয়ের পরও ভারত ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে। কলম্বোর এই ফল ভারতের ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে বড় ধাক্কা দিয়েছে ভারত পঞ্চম অবস্থানে রয়েছে এবং সামনে ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে।
