ব্যাটারিচালিত অটোরিকশা ও অবৈধ চার্জিং স্থাপনায় অভিযান
অনলাইন প্রতিবেদক
ঢাকা-১৩ আসনের নাগরিকদের অভিযোগের পর যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল বন্ধে উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
গত শনিবার অনুষ্ঠিত ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার যানজট ও ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ তুলে ধরেন। নাগরিকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আজ সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাটারিচালিত অটোরিকশা এবং অবৈধভাবে ব্যাটারি চার্জের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ করা হয়। পাশাপাশি অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি চার্জিংয়ের সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগও অপসারণ করা হয়।
অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নাগরিকদের অভিযোগের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘টাউন হল সভা শুধু অভিযোগ শোনার আয়োজন নয়; নাগরিকদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের একটি কার্যকর প্ল্যাটফর্ম। জনগণ যে সমস্যার কথা বলেছেন, সেটি সমাধানে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। ঢাকা-১৩-এর মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, জনগণের সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। নাগরিকদের অভিযোগ ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ঢাকা-১৩-কে আরও বসবাসযোগ্য ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে।
