কুড়িগ্রামে ৪ জুয়াড়ি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকায় সুপারি বাগানে বসা জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় কয়েকজন জুয়াড়ি নর্দমা ও গোবরের গাঁদায় লাফিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভূরুঙ্গামারী উপজেলা সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন বাগভান্ডার বাজারের পেছনের সুপারি বাগানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই স্থানে একাধিক জুয়ার আসর বসত, যেখানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা জড়ো হতো। জুয়ার পাশাপাশি সেখানে মাদক সেবনেরও অভিযোগ ছিল।সুনির্দিষ্টভাবে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়।এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা এবং তিনটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাগভান্ডার এলাকার ময়নার হক (৬৫), মাসুম হোসেন (৪৪), খামার পত্রনবীশ এলাকার গাজীউর রহমান (৪৭) এবং বাগভান্ডারের নজরুল ইসলাম (৪১)।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, জুয়ার আসরের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতাও রয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights