রাজধানীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর চানখারপুল মোড়ে ছুরিকাঘাতে পলিন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, নিহতের স্ত্রী কাজলকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে আব্দুল্লাহ নামে এক যুবক পলিনকে ছুরিকাঘাতে হত্যা করেন।

এমন দাবি পলিনকে হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা ব্যক্তিদের।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে পলিনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলিন তার পরিবারের সঙ্গে চানখারপুল নিমতলী এলাকায় থাকতেন। তিনি পানি সাপ্লাইয়ের কাজ করতেন।

পলিনের পরিচিত ব্যক্তি সেলিম সংবাদমাধ্যমকে জানান, স্ত্রী কাজলকে উত্ত্যক্ত করায় পলিন বুধবার আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে চড় মারেন। এরই জের ধরে আব্দুল্লাহসহ ও তার এক সহযোগী হানিফ ফ্লাইওভারের পাশে চানখারপুল মোড়ে পলিনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

আব্দুল্লাহ পুরান ঢাকার বাংলাদেশ মাঠ এলাকায় বসবাস করেন।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ঘটনাটি সম্ভবত চকবাজার থানা এলাকায় পড়েছে। বিষয়টি থানাকে জানানো হয়েছে।

পলিনকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু সাকিব হাসান ও সেলিম জানান, বুধবার রাত ৮টার দিকে কাজলের ভাই রবিন আব্দুল্লাহকে শহীদ মিনার এলাকায় নিয়ে যান। সেখানে পলিন, কাজলসহ তাদের আরও কয়েকজন বন্ধু ছিল। স্ত্রীকে উত্ত্যক্ত করায় সেখানে পলিন আব্দুল্লাহকে চড়-থাপ্পড় মারেন। এরপর তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। পরে শহীদ মিনার এলাকায় ঘুরাঘুরি শেষে বাসায় ফেরার সময় চানখারপুলে পৌঁছালে আব্দুল্লাহ পেছন থেকে পলিনকে ছুরিকাঘাত করেন। পলিন মাটিতে লুটিয়ে পড়লে আব্দুল্লাহ দৌড়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights