ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে: সংস্কৃতিমন্ত্রী
অনলাইন প্রতিবেদক
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।
আজ রবিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল দপ্তর প্রধানের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে চুয়াডাঙ্গায় এসে তিনি জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন। এছাড়াও সার ও বিদ্যুৎ নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সক্রিয় থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বৈচিত্র্যের মাঝেই আমাদের ঐক্যের শক্তি নিহিত। পাহাড় আর সমতলের অসাধারণ মেলবন্ধনই আমাদের জাতীয় সংস্কৃতির শিকড়।’
মন্ত্রী বলেন, জনগণের উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, খাল খননসহ উন্নয়ন কার্যক্রম জনগণের কল্যাণেই বাস্তবায়িত হচ্ছে।
অন্যদিকে, নজরুল বর্ষ উপলক্ষে সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা ও জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, লোকালয়ে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. শরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, সিভিল সার্জন,প্রেসক্লাবের সভাপতিসহ জেলার সকল দপ্তরের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে শনিবার রাতে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক লুৎফুন নাহার ফুলেল শুভেচ্ছা জানিয়ে মন্ত্রীকে স্বাগত জানান।
