রংপুরের শতাধিক সরকারি অফিসের ওয়েবসাইটে তথ্য ঘাটতি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের জেলা তথ্য বাতায়নের অন্তর্ভুক্ত ১১৫টি সরকারি অফিসের ১০১টির ওয়েবসাইটে তথ্য হালনাগাদ নেই। মাত্র ১৪টি অফিসের ওয়েবসাইটে শতভাগ তথ্য হালনাগাদ রয়েছে। সোমবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, রংপুরের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।

সভায় টিআইবি রংপুরের এরিয়া কো-অর্ডিনেটর মো. আলমগীর কবির ‘রংপুর জেলার সরকারি অফিসসমূহের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ ২০২৬’ শীর্ষক তথ্যচিত্র উপস্থাপন করেন। এতে বলা হয়, ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর জেলার ১১৫টি সরকারি অফিসের ওয়েবসাইট পর্যবেক্ষণ করা হয়। নোটিশ বোর্ড, অফিস প্রধানের তথ্য, সিটিজেন চার্টার, যোগাযোগ, খবর, কর্মকর্তা-কর্মচারী ও তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য যাচাই করা হয়।

পর্যবেক্ষণে দেখা যায়, ৩৩টি অফিসের ওয়েবসাইটে ৮৬ শতাংশ তথ্য হালনাগাদ, ৩২টিতে ৭১ শতাংশ, ২২টিতে ৫৭ শতাংশ এবং ১২টিতে ৫০ শতাংশ তথ্য হালনাগাদ রয়েছে। তিনটি অফিসের হালনাগাদ তথ্য কার্যত নিষ্ক্রিয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে ওয়েবসাইটের নোটিশ বোর্ড ৬৮ শতাংশ হালনাগাদ থাকলেও এ বছর তা কমে ৫১ শতাংশ হয়েছে। খবরের তথ্য ২২ শতাংশ থেকে কমে ১৭ শতাংশ হয়েছে। অফিসপ্রধানের তথ্য ১৬ শতাংশ বেড়ে ১০৮ শতাংশ এবং কর্মকর্তা-কর্মচারীদের তথ্য গত বছরের মতো ১০৯ শতাংশ রয়েছে বলে উপস্থাপনায় উল্লেখ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, ‘গুজব ও অপতথ্যের বিস্তার কোনো নির্দিষ্ট অঞ্চল, রাষ্ট্র বা সমাজব্যবস্থার একক সমস্যা নয়। বাংলাদেশেও অপতথ্য ছড়ানোর প্রবণতা নতুন নয়। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার সহজলভ্যতা ও অপব্যবহারের ফলে অপতথ্যের বিস্তার মহামারি আকার ধারণ করেছে।’

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, আঞ্চলিক তথ্য অফিস রংপুরের সিনিয়র তথ্য অফিসার মো. শাহজাহান আলী, সনাক রংপুরের সহ-সভাপতি অ্যাডভোকেট দিলরুবা জামান, সিদ্দিকুর রহমান ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বক্তব্য দেন।

আলোচনা শেষে সনাকের পক্ষ থেকে সরকারি ওয়েবসাইটে নিয়মিত তথ্য হালনাগাদ, আংশিক তথ্যের পরিবর্তে পূর্ণাঙ্গ যোগাযোগের নম্বর এবং শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের তথ্য যুক্ত করার সুপারিশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights