কুয়াকাটার সাগরে জেলের জালে ধরা পড়ল নীল রঙের কাঁকড়া

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে উজ্জ্বল নীল রঙের একটি কাঁকড়া। সাদা ছোপযুক্ত খোলস ও ব্যতিক্রমী রঙের কাঁকড়াটি দেখতে স্থানীয় মাছবাজারে ভিড় করেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সকালে অন্যান্য মাছের সঙ্গে কাঁকড়াটি স্থানীয় মাছবাজারের গাজী ফিশে নিয়ে আসেন জেলেরা। পরে জামাল নামের এক ফিশ ফ্রাই ব্যবসায়ী এটি কিনে নেন। তার দোকানে নেওয়ার পর কাঁকড়াটির রং ও আকৃতি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। কাঁকড়াটি খাবার হিসেবে বিক্রির পরিকল্পনার বিষয়টিও অনেকের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

জেলে হাবিব জানান, অন্যান্য মাছের সঙ্গে কাঁকড়াটি তাঁদের জালে ধরা পড়ে। মাঝেমধ্যে জালে বিভিন্ন প্রজাতির কাঁকড়া ধরা পড়লেও এত বড় ও উজ্জ্বল নীল রঙের কাঁকড়া তিনি আগে দেখেননি।

পর্যটক মুন্না বলেন, কাঁকড়াটির রং ও আকৃতি আকর্ষণীয়। এত সুন্দর ও ভিন্ন রঙের কাঁকড়া তিনি আগে দেখেননি।

ফিশ ফ্রাই ব্যবসায়ী জামাল জানান, কাঁকড়াটি ভেজে বিক্রির পরিকল্পনা রয়েছে।

‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, কাঁকড়াটির ইংরেজি নাম ব্লু সুইমিং ক্র্যাব এবং বৈজ্ঞানিক নাম *Portunus pelagicus*। পুরুষ কাঁকড়ার পা ও দাঁড়া উজ্জ্বল নীল রঙের হয়। স্ত্রী কাঁকড়া সাধারণত বাদামি-সবুজ রঙের। পেছনের এক জোড়া বৈঠার মতো চ্যাপ্টা পা দিয়ে এরা পানিতে সাঁতার কাটে।

তিনি বলেন, বঙ্গোপসাগরসহ বাংলাদেশের উপকূলীয় এলাকায় এ প্রজাতির কাঁকড়া দেখা যায়। সামুদ্রিক খাদ্যশৃঙ্খল, জীববৈচিত্র্য ও উপকূলীয় জেলেদের জীবিকায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের জাতীয় লাল তালিকা (২০১৪) অনুযায়ী, প্রজাতিটি আপাতত বিপদমুক্ত (এলসি)। তবে বৈশ্বিক আইইউসিএন লাল তালিকায় এখনো এর মূল্যায়ন হয়নি। তাই এদের টেকসই আহরণ ও প্রজননক্ষেত্র সংরক্ষণ জরুরি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩৮ প্রজাতির কাঁকড়া রয়েছে।

উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের প্রাণীর বিষয়ে সচেতন হওয়া জরুরি। ব্যতিক্রমী সামুদ্রিক প্রাণী দেখা গেলে সেগুলো সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights