আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়ল

অনলাইন ডেস্ক

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী ১৭টি বিদেশি এয়ারলাইন্সের টিকিট দেশের বাইরে থাকা তাদের নিজস্ব আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমেও আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনা যাবে।

বাংলাদেশ ব্যাংকের সোমবার জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। এটি ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা এ সংক্রান্ত আগের নির্দেশনার সংশোধিত সংস্করণ।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, বৈধ ভিসা থাকা সাপেক্ষে বাংলাদেশে বসবাসকারী নাগরিকেরা বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে সরাসরি বিদেশি এয়ারলাইন্সের টিকিট কিনতে পারবেন।

আগের নিয়মে এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের কোনো অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার শর্ত ছিল। নতুন নিয়মে বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশের বাইরে তাদের নিজস্ব আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে লেনদেন করলেও আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনা যাবে।

বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী ১৭টি বিদেশি এয়ারলাইন্সের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট এয়ারলাইন্সের নিজস্ব মার্চেন্ট ক্যাটাগরি কোড (এমসিসি) ব্যবহার করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো এসব বৈধ টিকিট ক্রয়ের লেনদেন শনাক্ত করবে।

নতুন নির্দেশনার গুরুত্বপূর্ণ বিষয় হলো, এভাবে কেনা টিকিটের খরচ কার্ডধারীর বার্ষিক আন্তর্জাতিক ভ্রমণ কোটার বাইরে রাখা হবে। টিকিট কেনার লেনদেন যাচাই ও নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক কার্ডে ব্যবহৃত অর্থের সমপরিমাণ আবার যুক্ত করতে পারবে।

এ ছাড়া নির্ধারিত রিপোর্টিং পদ্ধতিতে এসব লেনদেনের তথ্য নিয়মিত বাংলাদেশ ব্যাংকে পাঠাতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights