২০২৭ সালের হজের জন্য সমন্বিত প্যাকেজ ঘোষণা সৌদির, এক চুক্তিতেই হবে সব
অনলাইন ডেস্ক।
২০২৭ সালের হজ মৌসুমের জন্য একটি সমন্বিত (অল-ইনক্লুসিভ প্যাকেজ) ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই নতুন ব্যবস্থার আওতায় বিদেশি হজযাত্রীদের সেবা দেওয়া হজ এজেন্সিগুলো এখন থেকে আবাসন, পরিবহন, খাবার এবং পবিত্র স্থানগুলোর প্রয়োজনীয় সেবার জন্য আলাদাভাবে একাধিক চুক্তি না করে একটি মাত্র চুক্তির মাধ্যমেই সব কার্যক্রম সম্পন্ন করতে পারবে। বিদেশি হজ এজেন্সি এবং হজযাত্রী বিষয়ক দপ্তরগুলো ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ আবেদন জমা দিতে পারবে, যা হজযাত্রীদের সৌদিতে পৌঁছানো থেকে শুরু করে নিজ দেশে ফেরা পর্যন্ত সব সেবা নিশ্চিত করবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের ফলে সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের চুক্তিভিত্তিক সম্পর্ক স্পষ্ট হবে। চার প্রধান ক্ষেত্র মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত, খাবার ও পবিত্র স্থানের সেবার বাইরেও এজেন্সিগুলো চাইলে অতিরিক্ত কিছু ঐচ্ছিক সুবিধাও যুক্ত করতে পারবে। ২০২৪ সালের জুনে চালু হওয়া নুসুক মাসার ব্যবস্থার ওপর ভিত্তি করে এই নতুন পদক্ষেপটি নেওয়া হয়েছে, যা আগে আলাদা থাকা চুক্তি প্রক্রিয়াগুলোকে একটি একক কাঠামোর অধীনে এনেছে।
সৌদি আরবের ভিশন ২০৩০ এবং হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবেই এই আগাম প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, সর্বশেষ হজ মৌসুমে অংশ নেওয়া মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হজযাত্রীর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জনই ছিলেন বিদেশি। ২০৩০ সালের মধ্যে ওমরাহ পালনকারীদের সক্ষমতা ৩ কোটিতে উন্নীত করা এবং হজ ও ওমরাহ পালনকারীদের সন্তুষ্টির হার ৯০ শতাংশে নেওয়ার লক্ষ্যেই এই সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে।
সূত্র: আরব নিউজ
