রাকাবের চেয়ারম্যান হলেন অধ্যাপক রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক রফিকুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৩০ সেপ্টেম্বরে প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার তিনি এ পদে দায়িত্ব নেন।

রাকাবের জনসংযোগ কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম একজন অর্থনীতিবিদ, অধ্যাপক ও লেখক। ১৯৭৭ সালের ১০ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু। পরে অধ্যাপক হন এবং ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। তিনি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের কাউন্সিল মেম্বার এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটেরও সদস্য ছিলেন।

১৯৫০ সালে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামে তার জন্ম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে অর্থনীতিতে স্নাতক সম্মান, ১৯৭১ সালে স্নাতকোত্তর এবং ১৯৭৭ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি দুই পুত্র ও এক কন্যার জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights