বাগেরহাট কারাগারে নাশকতা মামলার হাজতির মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় চাঁন মিঞা ফকির (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁন মিঞা ফকির মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের হেলাল উদ্দীন ফকিরের ছেলে। তিনি নাশকতার একটি মামলার আসামি ছিলেন।
কারাগার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে আটটার দিকে হাজতিদের নাস্তা দেওয়া হয়। এ সময় নিজ ওয়ার্ডে বসে নাস্তা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চাঁন মিঞা। পরে কারারক্ষীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।
কারাগার সূত্র জানায়, চাঁন মিঞাকে গত ২৫ সেপ্টেম্বর মোরেলগঞ্জ থানা-পুলিশ একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করে। পরদিন তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মোস্তফা কামাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নাস্তা খাওয়ার সময় চাঁন মিঞা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
