শেখ হাসিনা স্বৈরাচার, তাকে দেশে ফিরিয়ে আনা হবে: সংস্কৃতিমন্ত্রী
মাগুরা প্রতিনিধি
শেখ হাসিনা স্বৈরাচার, তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আজ শুক্রবার মাগুরায় ছয় দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ হাসিনা স্বৈরাচার, তাকে দেশে ফিরিয়ে আনা হবে। শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ একটি পলাতক শক্তি। তাকে ফিরিয়ে এনে, তার বিচার এ দেশেই করা হবে। তার বিষয়ে পলাতক শক্তি কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সেটা কঠোরভাবে মোকাবিলা করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মো. মোকাব্বীর আহমেদ।
সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা থেকে খেলোয়াড় তৈরি করতে হবে। একই সঙ্গে দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। দেশের হারিয়ে যাওয়া নানা ঐতিহ্য আমাদের গর্ব ও অহংকার। ভাটিয়ালি, বাওয়ালি, জারি, সারি, মুর্শিদি, লালনগীতি ও ভাওয়াইয়াসহ বাংলার লোকসংগীত একসময় ব্যাপক জনপ্রিয় ছিল। এসব হারানো ঐতিহ্য আবারও ফিরিয়ে আনতে হবে।
মন্ত্রী আরও বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে নানামুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
আয়োজকরা জানান, ছয় দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মাগুরা সদর উপজেলা একাদশ ও মহম্মদপুর উপজেলা একাদশ মুখোমুখি হয়।
