জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বাসস

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, উপযুক্ত চিকিৎসা সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে এসব শিশুর মুখে হাসি ফোটানো আমাদের সামাজিক ও জাতীয় দায়িত্ব।

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান ‘স্মাইল ট্রেন আমেরিকা’র সহযোগিতায় ‘নিউ লাইফ হসপিটাল ক্লেফট প্রজেক্ট’ ও ‘চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন’ আয়োজিত ‘বিশ্ব হাসি দিবস-২০২৬’ উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হওয়া শিশুদের নিয়ে এক মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, ‘হাসি একটি সার্বজনীন ভাষা। বিশেষ করে একটি শিশুর মুখের হাসি তার পরিবার ও পুরো সমাজকে আনন্দিত করে। একটি সুস্থ ও হাসিখুশি শিশুই আগামী দিনের সমৃদ্ধ জাতি গড়ে তুলবে। তাই শিশুদের সুস্থতা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।’

তিনি আরও বলেন, শিশুদের স্বাস্থ্যসেবা আরও সহজ, সাশ্রয়ী ও দ্রুত করতে প্রযুক্তি ও উদ্ভাবন বড় ভূমিকা রাখতে পারে। টেলিমেডিসিন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও এখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছে। প্রযুক্তির এই সুফল প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে।

চিকিৎসকদের অবদানের প্রশংসা করে মন্ত্রী বলেন, আজ এখানে ঠোঁট ও তালু কাটা শিশুদের চিকিৎসার মাধ্যমে মুখে হাসি ফিরিয়ে দেওয়ার যে মানবিক উদ্যোগ দেখলাম, তা অত্যন্ত প্রশংসনীয়। ড. বিজয় দাসসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যে সেবা দিচ্ছেন, তা শুধু চিকিৎসাসেবা নয়- এটি শিশু ও তাদের পরিবারগুলোতে নতুন আনন্দ ফিরিয়ে দেওয়ার একটি মহৎ উদ্যোগ।

এ ধরনের সামাজিক ও মানবিক কাজে দেশের বিত্তবান ব্যক্তি, বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, ‘শিশুদের জন্য আমরা যে সময়, শ্রম, মেধা ও অর্থ বিনিয়োগ করব, সেটিই হবে দেশের ভবিষ্যতের প্রকৃত বিনিয়োগ। আসুন, সবাই মিলে প্রতিটি শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং স্মাইল ট্রেন (বাংলাদেশ ও নেপাল)-এর প্রোগ্রাম ডিরেক্টর এ বি এম মোবাশ্বের হোসেন। বক্তারা জন্মগত ত্রুটিমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টি এবং বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রম আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. শামীম আরা খান চৌধুরী, বিশ্ব হাসি দিবস-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব ডা. আসলামুল ইসলাম রুদ্র এবং নিউ লাইফ হাসপাতাল (প্রা.) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে সফল অস্ত্রোপচারে সুস্থ হয়ে ওঠা শিশু ও তাদের অভিভাবকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights