বাস্তব সমস্যা সমাধানে গবেষণাকে অগ্রাধিকার দিতে ইউজিসি চেয়ারম্যানের আহ্বান

অনলাইন ডেস্ক

গবেষণার জন্য বয়স, দামি যন্ত্রপাতি বা বড় ল্যাবরেটরির প্রয়োজন নেই উল্লেখ করে মানুষের দৈনন্দিন ও বাস্তব সমস্যা সমাধানে গবেষণাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে স্বেচ্ছাসেবী গবেষণা প্রতিষ্ঠান ‘চিন্তার চাষ’ আয়োজিত ‘খুদে গবেষক সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সপ্তম থেকে দশম শ্রেণির ৩১৮ জন শিক্ষার্থী এই সম্মেলনে অংশ নেয়, যেখানে ১২৮টি গবেষণাপত্র, ধারণাপত্র ও পোস্টার উপস্থাপন করা হয়।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘নিজের চারপাশের সমস্যা চিহ্নিত করে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তা সমাধানের চেষ্টা থেকেই গবেষণার শুরু হতে পারে। গবেষণা শুধু বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু হবে-এমন ধারণা ঠিক নয়।’

সম্মেলনে উপস্থাপিত কাজের প্রশংসা করে তিনি বলেন, খুদে গবেষকেরা শিক্ষা, বিজ্ঞান, পরিবেশ, কম্পিউটার বিজ্ঞান ও সমাজবিজ্ঞানসহ নানা বিষয়ে চারপাশের সমস্যা এবং সেগুলো সমাধানের ক্ষেত্রে নিজেদের চিন্তাশক্তি ও হাতের কাছের উপকরণ ব্যবহার করেছে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, গবেষকেরা দেশের সুনির্দিষ্ট ও বাস্তব সমস্যা চিহ্নিত করে তা সমাধানের প্রকল্প প্রস্তাব করলে ইউজিসি অর্থায়নের বিষয় বিবেচনা করবে। একই সাথে গবেষণার মাধ্যমে বাস্তবে সমস্যার সমাধান হচ্ছে কি না, তাও গুরুত্ব দিয়ে দেখা হবে।

যানজট, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও লবণাক্ততার মতো জাতীয় সমস্যা সমাধানে ভবিষ্যতের বিজ্ঞানীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের এই খুদে গবেষকদের মধ্য থেকেই আগামী দিনের সফল বিজ্ঞানী তৈরি হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের পরিকল্পনা সম্পাদক আসজাদুল কিবরিয়া।

‘চিন্তার চাষ’-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও খুদে গবেষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights