ইসরায়েলি সাংবাদিকের তোপে সংবাদ সম্মেলন ছেড়ে গেলেন আয়ারল্যান্ড কোচ

স্পোর্টস ডেস্ক

নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের মধ্যকার দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলন ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। এক ইসরায়েলি সাংবাদিকের অভিযোগ ও উত্তপ্ত বাক্যবিনিময়ের পর সংবাদ সম্মেলন শেষ না করেই কক্ষ ছেড়ে যান আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সাংবাদিক অভিযোগ করেন, ইসরায়েলের বিপক্ষে আগের ম্যাচে আয়ারল্যান্ডের কয়েকজন খেলোয়াড় ইসরায়েলি খেলোয়াড়দের ‘বানর’ বলে মন্তব্য করেছিলেন। তবে আয়ারল্যান্ডের এক প্রেস কর্মকর্তা সঙ্গে সঙ্গে অভিযোগটি অস্বীকার করেন।

তিনি বলেন, ‘এটা একেবারেই মিথ্যা। একদমই সত্য নয় এটা।’

এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কর্মকর্তারা হস্তক্ষেপ করেন এবং ওই সাংবাদিকের কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে সাংবাদিকটি অভিযোগের বিষয়ে কথা বলতে থাকেন এবং দাবি করেন, তারা মিথ্যা বলছেন না।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সংবাদ সম্মেলন শেষ না করে কক্ষ থেকে বেরিয়ে যান হালগ্রিমসন। পরে তিনি বাইরে গিয়ে আইরিশ গণমাধ্যমের সঙ্গে আলাদাভাবে কথা বলেন।

গাজায় চলমান পরিস্থিতির প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে আগের নেশনস লিগ ম্যাচটি বয়কট করার খুব কাছাকাছি ছিল আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি খেলেছিল দলটি। দ্বিতীয় ম্যাচের আগেও পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে সংবাদ সম্মেলনের এই ঘটনাকে কেন্দ্র করে ম্যাচের আগে আবারও বিতর্ক তৈরি হয়েছে।

সূত্র: আইরিশ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights