শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক

অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা এক মালয়েশিয়ান নাগরিকের কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী এমএইচ-০১৯৬ ফ্লাইটে আসা যাত্রী মি. ইয়াং ডন সিউ (৪৩)-কে নজরদারিতে রাখা হয়। ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর বিমান থেকে নামার পর থেকেই ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে যাত্রীরা বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়। গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশির সময় রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার শরীর থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস জানায়, প্রতিটি এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি- মোট নয়টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। স্বর্ণবারগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধতার। অভিনব কায়দায় কালো কাপড়ের একটি বেল্টে মুড়িয়ে শার্টের নিচে লুকিয়ে এগুলো বহন করছিলেন ওই যাত্রী।

কর্তৃপক্ষ আরও জানায়, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি এবং উদ্ধার করা স্বর্ণের বিষয়ে ‘কাস্টমস আইন ২০২৩’ ও ‘ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭’ অনুযায়ী কোনো নথি বা দলিল দেখাতে পারেননি। আইনি কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে ‘কাস্টমস আইন ২০২৩’-এর ১৯১ ধারা অনুযায়ী স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধ ও জাতীয় স্বার্থ সুরক্ষায় কাস্টমস হাউস, ঢাকা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights