রোনালদোকে পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’ বললেন অর্থমন্ত্রী
স্পোর্টস ডেস্ক
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে রীতিমতো আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন নিয়ে যখন পর্তুগিজ ফুটবলে চলছে নানা আলোচনা, তখন রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশটির অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা।
রোনালদো ও কোচ জেসুসের বিরোধে কে সঠিক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী। তবে পর্তুগালের বৈশ্বিক পরিচিতি ও দেশের ভাবমূর্তি তৈরিতে রোনালদোর অবদানের কথা তুলে ধরেছেন তিনি।
পর্তুগালের নাও চ্যানেলকে আলমেইদা বলেন, ‘অনেক মানুষ পর্তুগালকে চেনে শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোর কারণে।’ দেশের প্রচার ও আন্তর্জাতিক ভাবমূর্তি গঠনে রোনালদোর প্রভাবকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘পর্তুগালের ভাবমূর্তি তুলে ধরা ও প্রচারে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রভাব বিশাল। বিশ্বব্যাপী পর্তুগালের সুনাম বাড়ানো সবচেয়ে বড় প্রতিষ্ঠান।’
রোনালদো-জেসুস দ্বন্দ্ব নিয়ে সরাসরি মন্তব্য না করে আলমেইদা বলেন, এ বিষয়ে তিনি কোনো বিশেষজ্ঞ নন। তবে দেশের ব্র্যান্ডিংয়ে রোনালদোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘দেশের ভাবমূর্তি ও সুনাম বাড়ানোর দিক থেকে ক্রিশ্চিয়ানোর মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সুফল পাওয়াটা অব্যাহত থাকলে পর্তুগালের জন্য খুবই ভালো হবে।’
রোনালদোকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচ থেকে। ওই ম্যাচে পর্তুগালের একাদশে ছিলেন না পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এরপর ডেনমার্কের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান তিনি।
ঘটনার পর থেকেই রোনালদো ও কোচ জেসুসের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। এমনকি জাতীয় দলে রোনালদোর শেষ সময় ঘনিয়ে এসেছে কি না, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
এদিকে উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে পর্তুগাল। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও রোনালদোকে ছাড়াই মাঠে নামতে হবে পর্তুগিজদের।
সূত্র: গোল ডটকম
