শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে ভিন্ন পরিস্থিতির জন্যও প্রস্তুত ইরান
অনলাইন ডেস্ক
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে লড়াই থামানোর একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ৭ দিনের পরিকল্পনা নামের এই উদ্যোগ সফল হলে খুলে যেতে পারে হরমুজ প্রণালি। তবে শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থার জন্যও প্রস্তুত রয়েছে তেহরান।
ইরানের দেওয়া ৭ দিনের শান্তি পরিকল্পনার একটি জবাব এরই মধ্যে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সেই বার্তাটি নিজেদের ভেতর পর্যালোচনা করে দেখছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটানো। এর মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। পাশাপাশি একটি চূড়ান্ত শান্তি চুক্তির জন্য নতুন করে আলোচনা শুরু হবে।
আরাগচি আরও জানান, পরিকল্পনার শর্তগুলো গত জুনে সই হওয়া একটি সমঝোতা স্মারকের সঙ্গে অনেকটাই মিলে যায়। যদিও গত জুলাই মাসে নতুন করে লড়াই শুরু হলে ওই সমঝোতাটি পুরোপুরি ভেস্তে গিয়েছিল।
পুরো বিষয়টি নিয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদিও কথা বলেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া জবাবটি নিয়ে এখন অভ্যন্তরীণভাবে পর্যালোচনা চলছে। সব প্রস্তুতি শেষ হলে ‘যথাযথ প্রক্রিয়ার’ মাধ্যমে ইরান তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে। তবে শান্তি আলোচনা ভেস্তে গেলে তার জন্যও তারা বসে নেই। তিনি যোগ করেন, এমন পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থার জন্যও ইরান নিজেদের প্রস্তুতি ধরে রেখেছে।
