রোড পারমিটসহ চার দাবিতে অটোরিকশা চালকদের আল্টিমেটাম
অনলাইন ডেস্ক
ব্যাটারিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি জানিয়েছেন অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। সোমবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।
আন্দোলনকারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—অটোরিকশার জন্য রোড পারমিটের ব্যবস্থা করা, চালকদের প্রশিক্ষণের আওতায় আনা, অটোরিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া এবং অটোরিকশার গ্যারেজগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করা।
বিক্ষোভ কর্মসূচিতে অটোরিকশাচালকেরা বলেন, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও মালিকেরা নানা সমস্যার মধ্যে রয়েছেন। বিশেষ করে গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।
তাদের অভিযোগ, অটোরিকশা আটকের পর ‘ডাম্পিং’ এর নামে হয়রানি ও অর্থ আদায়ের ঘটনাও ঘটছে। এ ধরনের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
অটোরিকশা মালিক-শ্রমিক নেতারা বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মালিক-শ্রমিকদের পুনর্বাসনেরও দাবি জানান তারা।
এসময় চার দফা দাবি মেনে নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন।
