যে গবেষণা বদলে দিয়েছে ওজন কমানোর চিকিৎসা, এবার কি তাহলে মিলবে নোবেল
অনলাইন ডেস্ক
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে আজ সোমবার শুরু হচ্ছে এবারের নোবেল সপ্তাহ। ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ছয়টি বিভাগে একে একে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর মধ্যে চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার ঘোষণা হবে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
এবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাওয়ার দৌড়ে আলোচনায় রয়েছে ওজন কমানোর ওষুধ ওজেম্পিক ও মাউনজারোর পেছনে থাকা গবেষণা। নোবেল পর্যবেক্ষকদের ধারণা, ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন এবং বিপাকক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর কোনোটি এবার স্বীকৃতি পেতে পারে।
বিশেষ করে ‘গ্লুকাগন-লাইক পেপটাইড-১’ বা জিএলপি-১ নিয়ে গবেষণা আলোচনায় রয়েছে। খাবার গ্রহণের পর শরীরে স্বাভাবিকভাবে এই হরমোন নিঃসৃত হয় এবং ক্ষুধা ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ওজেম্পিকের মতো ওষুধে জিএলপি-১-এর কার্যপ্রক্রিয়াকে অনুকরণ করা হয়।
ডেটা বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্ল্যারিভেটের গবেষণা বিশ্লেষণ বিভাগের প্রধান ডেভিড পেন্ডলবেরি মনে করেন, এ ধরনের গবেষণার যেকোনো একটি নোবেল স্বীকৃতি পেতে পারে। তবে বিশ্বজুড়ে চিকিৎসাক্ষেত্রে ব্যাপক প্রভাবের কারণে জিএলপি-১ গবেষণাই এগিয়ে রয়েছে বলে তাঁর ধারণা।
এই গবেষণার সঙ্গে যুক্ত সম্ভাব্য প্রার্থী হিসেবে কানাডার এন্ডোক্রাইনোলজিস্ট ড্যানিয়েল ড্রাকার, ডেনমার্কের চিকিৎসক জেন্স জুয়েল হোলস্ট এবং যুগোস্লাভিয়ায় জন্ম নেওয়া মার্কিন রসায়নবিদ স্বেতলানা মোইসভের নাম আলোচনায় রয়েছে।
তবে নোবেল কমিটি ভিন্ন কোনো গবেষণাকেও বেছে নিতে পারে। ত্বকের পুনর্জন্ম ও ক্ষত সারানোর প্রক্রিয়ায় স্টেম সেলের ভূমিকা নিয়ে গবেষণার জন্য মার্কিন কোষবিজ্ঞানী এলেইন ফুকস এবং ব্রিটিশ বিজ্ঞানী ফিওনা ওয়াট সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
‘অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি’ নামে একটি ইমেজিং প্রযুক্তিও এবার পুরস্কারের জন্য বিবেচনায় আসতে পারে। আলো প্রতিফলনের মাধ্যমে শরীরের টিস্যুর উচ্চ রেজল্যুশনের ছবি তৈরির এই প্রযুক্তি বিশেষ করে চোখের রেটিনা ও অপটিক নার্ভের রোগ শনাক্ত ও পর্যবেক্ষণে ব্যবহৃত হয়।
এ ছাড়া রোগ প্রতিরোধব্যবস্থায় ‘অ্যাডহেশন রিসেপ্টর’ নিয়ে গবেষণাও আলোচনায় রয়েছে। মার্কিন ইমিউনোলজিস্ট টিমোথি স্প্রিঙ্গারের শনাক্ত করা এসব রিসেপ্টর রোগ প্রতিরোধকারী কোষকে রক্তনালির সঙ্গে যুক্ত হতে এবং আক্রান্ত টিস্যুতে পৌঁছাতে সাহায্য করে।
স্তন ক্যানসার এবং করোনাভাইরাস মোকাবিলায় সহায়ক ডিএনএ সিকোয়েন্সিং নিয়েও করা গবেষণার নাম সম্ভাব্য তালিকায় রয়েছে।
সাহিত্যে নারী লেখকের সম্ভাবনা
চিকিৎসাবিজ্ঞানের পর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
গত বছর হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই সাহিত্যে নোবেল পাওয়ার পর এবার কোনো নারী লেখককে বেছে নেওয়া হতে পারে বলে মনে করছেন কেউ কেউ।
সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন আর্জেন্টিনার ৪৮ বছর বয়সী লেখক সামান্তা শভেবলিন। সাহিত্য সমালোচক লিনা কালমতেগ তাঁকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।
এ ছাড়া অ্যান্টিগুয়া-আমেরিকান লেখক জামাইকা কিনকেইড, চীনের কান শুয়ে, অস্ট্রেলিয়ার জেরাল্ড মার্নেন ও অ্যালেক্সিস রাইট, যুক্তরাষ্ট্রের টমাস পিনচন এবং মেক্সিকোর ক্রিস্টিনা রিভেরা গারসার নামও আলোচনায় রয়েছে।
শান্তি পুরস্কারে নজর
সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে শুক্রবারের শান্তিতে নোবেল। নোবেল পুরস্কারের একমাত্র এই বিভাগটি নরওয়ের রাজধানী অসলোতে দেওয়া হয়।
গত বছর ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল দেওয়া হয়। এরপর পুরস্কারটি নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। এবার তুলনামূলকভাবে বেশি ঐকমত্য তৈরি করতে পারে এমন কাউকে বেছে নেওয়া হতে পারে বলে ধারণা করছেন কিছু বিশেষজ্ঞ।
গত বছর শান্তিতে নোবেল পাওয়ার জন্য প্রকাশ্যে প্রচারণা চালিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত মাচাদো তাঁর নোবেল পদক ট্রাম্পকে দিয়ে দেন। এবারও নোবেল কমিটির সিদ্ধান্তের দিকে ট্রাম্পের নজর থাকবে বলে মনে করা হচ্ছে।
নোবেল কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন বলেন, পুরস্কারের জন্য সবসময়ই অনেক তদবির থাকে। কখনো কখনো কমিটির ওপর চাপ তৈরির চেষ্টাও করা হয়। তবে এসব পরিস্থিতি মোকাবিলায় তারা অভ্যস্ত।
এবার সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ‘সেভ দ্য চিলড্রেন’ এবং ইউক্রেনের শিশু অধিকারকর্মী মিকোলা কুলেবাকে যৌথভাবে পুরস্কার দেওয়ার প্রস্তাব রয়েছে। দখলকৃত অঞ্চল থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনতে কাজ করছেন কুলেবা।
যুদ্ধ ও দুর্ভিক্ষে আক্রান্ত মানুষের সহায়তায় কাজ করা সুদানের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ বা সিপিজের নামও আলোচনায় রয়েছে।
১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এবারের নোবেল পুরস্কার ঘোষণা।
সূত্র: বাসস
