ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হলেন স্যামি

অনলাইন ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের প্রধান কোচ হয়েছেন দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ও ‘এ’ দলের অন্তর্বর্তীকালিন কোচ হয়েছেন আন্দ্রে কোলি। স্থানীয় সময় শুক্রবার (১২ মে) রাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কোচ হিসেবে তাদের দু’জনের নাম ঘোষণা করে।

ওয়েস্ট ইন্ডিজের তিন ফরম্যাটের ক্রিকেটেই ড্যারেন স্যামি ছিল সুপরিচিত এক নাম। বিশেষ করে সংক্ষিপ্ত ফরম্যাটে। ক্যারিবিয়ানদের হয়ে তিনি দুই শতাধিক টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছেন। ৩৯ বছর বয়সী স্যামি এবারই প্রথম আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর দায়িত্ব পেলেন। এর আগে অবশ্য তিনি বিভিন্ন ঘরোয়া লিগের ক্রিকেটে কোচের দায়িত্ব পালন করেছিলেন।

নতুন দায়িত্বকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উইন্ডিজের সাবেক এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক, ‘এটা অবশ্যই একটা নতুন চ্যালেঞ্জ হবে। অবশ্য সেই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত এবং বেশ উচ্ছ্বসিতও। আমি সুযোগ কাজে লাগাতে চাই। বিশেষ করে আমাদের খেলোয়াড়দের প্রতিভা কাজে লাগাতে চাই। আমি বিশ্বাস করি ড্রেসিংরুমে প্রভাব রাখতে পারবো।’
‘খেলোয়াড় হিসেবে আমি যেভাবে খেলেছি, যেভাবে প্রভাব রেখেছি ঠিক সেই একই পন্থায় দলকে এগিয়ে নিতে চাই। ক্রিকেটের প্রতি সব সময়ই আমার আবেগ কাজ করে, সাফল্যের জন্য মরিয়া থাকি এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আমার রয়েছে আমৃত ভালোবাসা।’ যোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights