যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়, চিরকুটে প্রাণনাশের হুমকি
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে এক যুবদল নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় একটি চিরকুটও পাওয়া যায়। চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনের বাড়ির ফটকের সামনে এসব জিনিস পাওয়া যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৫০ বছর বয়সী মোবারক হোসেন বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
মোবারক হোসেন জানান, ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় ছিলেন। সন্ধ্যায় বাড়ি থেকে ফোনে ঘটনার খবর পেয়ে দ্রুত ফিরে আসেন। পরে স্থানীয় দলীয় নেতাদের জানানোর পাশাপাশি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে শপিং ব্যাগটি খুললে এর ভেতরে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও চিরকুট পাওয়া যায়।
মোবারক হোসেনের অভিযোগ, চিরকুটে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে যেন তিনি প্রার্থী না হন, সে বিষয়ে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় মাধবদী থানায় অভিযোগ দিয়েছেন মোবারক হোসেন। তিনি বলেন, ‘ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।’
আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, ‘কে বা কারা চিরকুট লিখে মোবারক হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, বনাইদ গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই মোবারক হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
