দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি জব্দ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩-এর (এসআরবি-১৩) এক অভিযানে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-১৩-এর অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্পের (সিপিসি-২) একটি দল শনিবার রাত সোয়া ১০টার দিকে কোতোয়ালি থানাধীন চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে অভিযান চালায়। দিনাজপুর-দশমাইল হাইওয়ে সংলগ্ন দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতির এক বন্ধ মার্কেটের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

জব্দ করা পিস্তল ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights