শিল্পের প্রধান বাধা জ্বালানিসংকট

নিজস্ব প্রতিবেদক

দেশের মাঝারি ও বৃহৎ শিল্পকারখানাগুলোর বড় অংশই বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ধুঁকছে। ৭৯ শতাংশ কারখানাই বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকে তাদের ব্যবসার সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে, আর শীর্ষ তিনটি বাধার তালিকায় এটিকে রেখেছে ৯৩ শতাংশ প্রতিষ্ঠান। গতকাল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে তৈরি ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০ সূচক’-এর প্রথম রাউন্ডের জরিপে এসব চিত্র উঠে এসেছে।

২০২৬ সালের এপ্রিল-জুন মাসের ১৪টি প্রধান শিল্প খাতের ১০০টি মাঝারি ও বৃহৎ কারখানার তথ্য নিয়ে এই জরিপ করা হয়। এ সময়ে কারখানাগুলোর জ্বালানি ও পরিবহন খরচ বেড়েছে। কিন্তু মুনাফা ও নতুন যন্ত্রপাতি কেনার মতো মূলধনি বিনিয়োগ কমে গেছে।

জরিপ অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে গ্রিড বিদ্যুৎ বিভ্রাট দৈনিক গড়ে ৪ দশমিক ১ ঘণ্টায় দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের তুলনায় প্রায় দ্বিগুণ (তখন ছিল ২ ঘণ্টা)। গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় পাইপলাইনের গ্যাস বিভ্রাট প্রায় চার গুণ বেড়ে দৈনিক ০ দশমিক ৯ ঘণ্টা থেকে ৩ দশমিক ২ ঘণ্টায় পৌঁছেছে। ২০২৫ সালে যেখানে গ্রিড বিদ্যুতের সরবরাহে সন্তুষ্ট ছিল ৩৮ শতাংশ কারখানা, এপ্রিল-জুন ২০২৬-এ তা নেমে এসেছে মাত্র ৭ শতাংশে। গ্যাস সরবরাহের মানে সন্তুষ্ট কারখানার হার ৭০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১৭ শতাংশে।

বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে কারখানাগুলোকে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হয়েছে। ফলে কারখানাপ্রতি ত্রৈমাসিক জ্বালানি খরচ বেড়েছে ৫ শতাংশ। এলপিজি খরচ ২৫ শতাংশ, জেনারেটরের জ্বালানি খরচ ১৫ শতাংশ এবং গ্রিড বিদ্যুতের বিল ৮ শতাংশ বেড়েছে। এ ছাড়া কারখানাপ্রতি মোট পরিচালন ব্যয় ১ শতাংশ বেড়েছে। পণ্য পরিবহন খরচই বেড়েছে ১০ শতাংশ। পাশাপাশি ৯৪ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের কাঁচামালের দাম বেড়েছে।

জরিপে বলা হয়, সবচেয়ে বড় ধাক্কা লেগেছে নতুন মূলধনি বিনিয়োগে। কারখানাপ্রতি নতুন মূলধনি যন্ত্রপাতি কেনা ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের ১ কোটি ৭৬ লাখ টাকা থেকে কমে এপ্রিল-জুন ২০২৬-এ মাত্র ১১ লাখ টাকায় নেমে এসেছে। ওষুধ ও রসায়ন খাত ছাড়া বাকি প্রায় সব খাতেই যন্ত্রপাতি কেনার এই খরচ কমেছে।

তবে তৈরি পোশাক (আরএমজি) খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ এবং সক্ষমতার ব্যবহার ৬৮ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ হয়েছে। এ ছাড়া অটোমোবাইল (+২২ শতাংশ), পাট (+১৩ শতাংশ), আসবাবপত্র (+৮ শতাংশ), প্লাস্টিক-রাবার-কাগজ (+৭ শতাংশ) ও ওষুধ-রসায়ন (+৫ শতাংশ) খাতে উৎপাদন বেড়েছে। এ ছাড়া পিছিয়ে পড়েছে বস্ত্র বা টেক্সটাইল খাতে। এ খাতে-উৎপাদন কমেছে ২০ শতাংশ। এ ছাড়া ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স (-১২ শতাংশ), খাদ্য প্রক্রিয়াজাতকরণ (-৯ শতাংশ), সিমেন্ট-সিরামিক (-৬ শতাংশ) এবং হালকা প্রকৌশল (-৬ শতাংশ) খাতে উৎপাদন কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights