ইলিশ যেন সোনার হরিণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নদীতে জাল ফেললেই একসময় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ত ইলিশ। সেই দিন এখন যেন অতীত। বরিশালের অভ্যন্তরীণ নদনদীতে জাল ফেলে বেশির ভাগ জেলেকেই ফিরতে হচ্ছে শূন্য হাতে। ভাগ্য ভালো হলে মিলছে দু-চারটি ইলিশ। জেলেদের জালে ইলিশ নেই, ক্রেতার নাগালের বাইরে দাম। সব মিলিয়ে ইলিশ যেন এখন জেলেদের কাছে সোনার হরিণ!

স্থানীয় প্রবীণ জেলে মোতালেব বেপারী জানান, মা ইলিশ রক্ষার অভিযান শেষ হওয়ার পর থেকেই নদীতে মাছের দেখা মিলছে কম। দিনরাত ২৪ ঘণ্টা জাল ফেলেও ভাগ্যের জোরে দু-চারটি মাছ পাওয়া যায়। ইলিশের দাম বাড়লেও তাতে জেলেদের লাভ হচ্ছে না। নৌকার তেলখরচই উঠছে না। সাত-আটজন জেলে নিয়ে মাছ শিকারে গিয়ে উল্টো দেনায় পড়তে হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে মেঘনা নদীতে ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের কিছু ইলিশ পাওয়া যাচ্ছে। প্রতি হালি বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়। এ আকারের ইলিশও যদি পাঁচ-দশ হালি পাওয়া যেত, তাহলে অন্তত দেনায় পড়তে হতো না।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরিশালের মুলাদী, উজিরপুর, বানারীপাড়া, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার নদনদীতে বর্তমানে ইলিশ প্রায় নেই বললেই চলে। হিজলা ও মেহেন্দীগঞ্জের মেঘনা এবং শাখা নদীগুলোতে কিছু ইলিশ পাওয়া যাচ্ছে। বাবুগঞ্জ, বরিশাল সদর ও বাকেরগঞ্জের নদনদীতেও নিয়মিত মিলছে না ইলিশ।

বরিশাল মহানগরের পোর্ট রোড মাছের আড়তেও পড়েছে এর প্রভাব। একসময় যেখানে প্রতিদিন শত মণ ইলিশ আসত, সেখানে এখন ১০-১২ মণ মাছও পাওয়া যাচ্ছে না। আড়তদার আক্তার হোসেন জানান, মা ইলিশ রক্ষার অভিযানের পর থেকেই বাজারে ইলিশের সরবরাহ কম।

তিনি জানান, বর্তমানে বাজারে দেড় কেজি ওজনের দু-একটি ইলিশ উঠছে। এগুলো বিক্রি হচ্ছে ৪ হাজার টাকা কেজি দরে। এ ছাড়া ১২০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৩ হাজার ৫০০ টাকা, ১ কেজি ওজনের ৩ হাজার টাকা, এলসি ২ হাজার ৬০০ টাকা, ৫০০ গ্রাম সাইজের কেজি ১ হাজার ৮০০ টাকা, ৪০০ গ্রাম সাইজের কেজি ১ হাজার ৫০০ এবং ৩০০ গ্রাম ওজনের কেজি ইলিশ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘স্বাভাবিকভাবেই শীত মৌসুমে নদীতে ইলিশের বিচরণ কমে যায়। বর্তমানে যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে, তা স্বাভাবিক পর্যায়েই রয়েছে। তবে বাজারে ইলিশের সরবরাহ কমে যাওয়ার পেছনে বাজার ব্যবস্থাপনার পরিবর্তনও একটি কারণ। আগে ইলিশ একটি নির্দিষ্ট বাজারে আসত। এখন নদীতীরবর্তী এলাকায় পাইকারি বাজার গড়ে ওঠায় সেখান থেকেই মাছ সরাসরি দেশের বিভিন্ন শহরে চলে যাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights