মশক নিধনের দাবিতে মশারিমিছিল
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে বাড়ছে মশার উৎপাত। বাসা-বাড়িতে দিনরাত সমানতালে কামড়াচ্ছে মশা। সিটি করপোরেশন মশক নিধনে ওষুধ ও ফগার মেশিন ব্যবহার করলেও কমছে না মশার উপদ্রব। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মশারি নিয়ে অভিনব মিছিল করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’।
গতকাল দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সংগঠনটি ‘মশারিমিছিল’ বের করে। সড়কে মশারি টানিয়ে সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যান নগর ভবনের সামনে। সেখানে তারা সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সিটি করপোরেশন ওষুধ ছিটানো ও ফগার মেশিন ব্যবহারের পরও নগরবাসী মশার হাত থেকে রক্ষা পাচ্ছেন না। ওষুধ ছিটানোর এক ঘণ্টার মধ্যে মশা ফিরে আসছে। মশার কামড় থেকে বাঁচতে দিনরাত কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। মশক নিধনে নিম্নমানের ওষুধ ব্যবহারের কারণে এ অবস্থা বিরাজ করছে। বক্তারা মশক নিধনে সিটি করপোরেশনকে এক মাসের সময় বেঁধে দিয়ে বলেন, অন্যথায় নগরভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।
