রেজাল্টের ভয়ে আত্মগোপনে স্কুল শিক্ষার্থী, অপহরণের নামে ২৫ হাজার টাকা হাতিয়ে নিলো প্রতারকরা
শেরপুর প্রতিনিধি
শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুর আড়াইটায় শেরপুর কৃষি ইনিস্টিউটের এক ছাত্র মেস থেকে তাকে উদ্ধার করা হয়। এদিকে, ভুয়া অপহরণকারীরা ওই স্কুল শিক্ষার্থীর বাবা-মার কাছ থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।
উদ্ধারকৃত ওই শিক্ষার্থীর নাম মহিবুল ইসলাম (১৫)। সে জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৪টায় মহিবুলকে বাড়িতে রেখে বাইরে যান মা ইফফাত আরা মুন। পরে বাড়িতে ফিরে মহিবুলকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। রাত গভীর হলেও সে বাড়িতে না ফেরায় বিষয়টি পুলিশকে জানানো হয় ও স্বজনদের মধ্যে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ করে । এই সূত্র থেকেই প্রতারক একটি চক্র মহিবুলকে অপহরণ করেছে বলে পরিবারের সদস্যদের ফোন দিয়ে টাকা দাবি করে। পরে ছেলের সুরক্ষার কথা চিন্তা করে ওই চক্রের দেওয়া নম্বরে কয়েক দফায় ২৫ হাজার টাকা পাঠান মহিবুলের বাবা কলেজ শিক্ষক শাহীনুর ইসলাম।
বিষয়টি আমলে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাঠে কাজ শুরু করে গোয়েন্দ (ডিবি) ও সদর থানা পুলিশ। পরে আজ দুপুর আড়াইটায় শেরপুর কৃষি ইনিস্টিউটের এক ছাত্র মেস থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ওই মেসে মহিবুলের বন্ধুরা থাকে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, মহিবুল গত কদিন আগে নবম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফল প্রকাশের আগে রেজাল্ট খারাপ হওয়ায় ভয়ে সে নিজেই আত্মগোপনে ছিল। পরে তাকে পুলিশ বের করে মা-বাবার হাতে তুলে দেয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মহিবুলের পরিবার যদি ওই চক্রের বিষয়ে থানায় অভিযোগ করে, তবে ওই প্রতারকদের ব্যাপার পুলিশ ব্যবস্থা নেবে। আবার অভিযোগ না পেলেও আমরা বিষয়টি গুরুত্বেও সাথে দেখব।
