দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাত দিন আমদানি রপ্তানি বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন বন্ধ থাকছে আমদানি রপ্তানি কার্যক্রম। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে ছুটির প্রথম তিন দিন বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কাজ স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
বন্দর সূত্রে জানা গেছে, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের শুল্ক ও বাণিজ্যসংক্রান্ত প্রতিনিধিদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ছুটি নির্ধারণ করা হয়েছে। সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমলের স্বাক্ষরিত পত্রে ছুটির বিষয়টি জানানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। তবে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম এবং কাস্টমসের কাজ চালু থাকবে। ছুটি শেষে ২৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্ধারিত সময় শেষে ২৪ অক্টোবর থেকে সোনাহাট স্থলবন্দরে আগের মতো আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights