শিক্ষার সঙ্গে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

শিক্ষার সঙ্গে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ এবং প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধুমাত্র শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, ‘শিক্ষা শুধু শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না। শিক্ষা চিন্তা শক্তি বাড়ি দেয়। শিক্ষা সত্য মিথ্যা এবং তথ্য প্রচার এবং পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে। শিক্ষাকে আপনি মানবকল্যাণে ব্যয় করবেন, সেটা আপনার চিন্তা থেকে আসে। শুধু শিক্ষায় শিক্ষিত হয়ে বা পড়ালেখা শেষ করে শুধু একটা চাকরি নিয়েই আপনি কার্যক্রম শেষ করবেন, এটিই কিন্তু প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ। আমাদের খুব বেশি প্রয়োজন প্রকৃত শিক্ষা। আমরা যদি সেইদিকে বেশি নজর না দিই তাহলে শুধুমাত্র শিক্ষা অনেক সময় আমাদের জন্য বিপদজ্জনক হতে পারে।’

তিনি আরও বলেন, ‘নবীনদেরকে শিক্ষার পাশাপাশি নৈতিকতা বজায় রাখতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং মানব কল্যাণে, সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আমরা যদি এক্সট্রা কারিকুলাম এক্টিভিটির ওপর প্রায়োরিটি না দিই, ক্রীড়াঙ্গনকে যদি নিজেদের সঙ্গে সম্পৃক্ত না করি, তাহলে এই শিক্ষা সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে পারবে না। সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে, নৈতিকতা, সমাজে অবদান রাখা ও নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে নজর রাখতে হবে। আজকে শিক্ষা ক্ষেত্রে নিজেদেরকে নিয়োজিত করতে অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে।’

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘আমাদেরকে সেসময় হাতেকলমে শিক্ষায় বেশি নজর দিতে হতো। আজকে এআই’র যুগ। আমাদের সময় ইলেক্টনিক্স মিডিয়া পর্যন্ত ছিলো না, স্মার্টফোনও ছিলো না। আপনি এআইকে কিভাবে কাজে লাগাবেন, এটা নির্ভর করবে আপনার নিজস্ব দক্ষতা এবং উদ্দেশ্যের ওপর। এআই প্রযুক্তি দিয়ে আপনি শিক্ষকের সহযোগীতা নিতে পারবেন। কিন্তু আমাদের সময় প্রাইভেট পড়তে হতো, কোচিংয়ে যেতে হতো। এখন আপনি প্রাইভেট না পড়লেও ইচ্ছা করলে সহযোগীতাগুলো পাচ্ছেন। কারণ চতুর্থ শিল্প বিপ্লবের সময় অনেকগুলো সুযোগ আপনাদের তৈরি হয়েছে। আজকে এআই’র মাধ্যমে চেষ্টা করলে টার্গেট পয়েন্টে পৌঁছানো খুব সহজেই সম্ভব।’

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপিসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights