সামাজিক ব্যয় না কমিয়ে সরকারি ঋণ কমানোর প্রতিশ্রুতি ফ্লাভিওর

অনলাইন ডেস্ক
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলে সরকারি ঋণ কমানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন সিনেটর ফ্লাভিও বলসোনারো। তবে এ জন্য সামাজিক খাতে ব্যয় কমানো হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সামাজিক নিরাপত্তা ও অন্যান্য খাতে ব্যয় কমানোর পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরও নাকচ করেছেন বলসোনারো।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ডানপন্থী ফ্লাভিও বলসোনারো সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বড় ছেলে। আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচনে তিনি বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মুখোমুখি হবেন। বর্তমানে জনমত জরিপে লুলার চেয়ে এগিয়ে রয়েছেন ফ্লাভিও।

শুক্রবার ব্রাজিলের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘জর্নাল নাসিওনাল’-এ এক সাক্ষাৎকারে ফ্লাভিও বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের বাজেটে ২০০ বিলিয়ন রিয়াল সমপরিমাণ আর্থিক সমন্বয় করবেন। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৯৪৯ কোটি ডলার।

এর আগে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ফ্লাভিওর নির্বাচনী প্রচারশিবির কয়েকটি খাতে ব্যয় কমানোর পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি বাড়ানো বন্ধ করা, সামাজিক নিরাপত্তার সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর ব্যবস্থা বাতিল করা এবং সামাজিক খাতে বাধ্যতামূলক ব্যয় কমানো।

তবে এসব পরিকল্পনার কথা অস্বীকার করেছেন ফ্লাভিও। তিনি বলেন, ‘অনেক ভুয়া খবর ছড়ানো হচ্ছে। ভুল তথ্যের বিষয়ে সত্যটা পরিষ্কার করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়।’

ফ্লাভিও জানান, সরকারি মন্ত্রণালয়ের সংখ্যা কমানো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা বন্ধ করা এবং সরকারের জমি, ভবনসহ বিভিন্ন সম্পদ কাজে লাগিয়ে আয় বাড়ানোর মাধ্যমে ব্যয় ও আয়ের মধ্যে ভারসাম্য আনবেন তিনি।

প্রেসিডেন্ট লুলার শাসনামলে ব্রাজিলের মোট সরকারি ঋণ বেড়েছে। বর্তমানে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮২ দশমিক ৯ শতাংশের সমান সরকারি ঋণ রয়েছে। লুলার আমলে ঋণের এই হার ১০ শতাংশের বেশি বেড়েছে।

এদিকে, প্রথম দফার নির্বাচনে ফ্লাভিও বলসোনারোর জয়ের পর থেকে দেশটিতে দীর্ঘমেয়াদি সুদের হার কমেছে।

ব্রাজিলে সপ্তাহে ছয় দিনের বদলে পাঁচ দিন কর্মদিবস করার প্রস্তাব নিয়েও কথা বলেছেন ফ্লাভিও। এ পরিবর্তন আনতে সংবিধান সংশোধনের একটি প্রস্তাব বুধবার অনুমোদিত হয়েছে। তবে তিনি জানিয়েছেন, প্রস্তাবটি বাতিলের চেষ্টা করবেন না।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights