কুড়িগ্রামে বেড়াতে এসে খুন হলেন বৃদ্ধ, ভাতিজার পরিবারের সবাই পলাতক

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ভাতিজার বাড়িতে বেড়াতে এসে খুন হয়েছেন মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ। বাড়িটির শয়নকক্ষ থেকে তাঁর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভাতিজা মিঠু মিয়ার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। তাঁদের পরিবারের এক সদস্য হত্যাকাণ্ডে জড়িত বলে স্থানীয় লোকজনের দাবি।
মঙ্গলবার ভোরে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে। গ্রামের বাড়িতে বেড়াতে এসে তিনি ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, রাতের কোনো একসময় বাচ্চু মিয়াকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবায় ফোন করে হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহ শনাক্ত করেন।
উলিপুর থানার উপপরিদর্শক বাবুল হোসেন বলেন, বাচ্চু মিয়াকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এতে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে ভাতিজা মিঠু মিয়ার পরিবারের সদস্যদের পাওয়া যাচ্ছে না।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, মিঠু মিয়ার ছেলে রাব্বি (২৫) এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। তবে পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights