অবলা প্রাণীর সেবায় অনন্য
সাইফ ইমন
মানুষকে তাঁর শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে এমন কিছু কাজ করতে হয়, যা সত্যিকার অর্থেই শ্রেষ্ঠকর্ম। শ্রেষ্ঠ মানুষেরা এভাবেই সবার নজর কাড়েন। বিভিন্ন দেশের মতো ঠিক একইভাবে বাংলাদেশেও এ রকম কিছু কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। যেমন প্রাণিসেবায় অনন্য ভূমিকা পালন করছে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচালিত অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই প্রতিষ্ঠান বছরে ৪ শতাধিক সাপ উদ্ধার করছে, শত শত পথকুকুরের চিকিৎসাসেবা দিচ্ছে ও টিকাদান করছে, উদ্ধার করছে আটকেপড়া বিড়ালদের, চিকিৎসা দিচ্ছে অসহায় বানরদের, দেখভাল করছে বেওয়ারিশ ঘোড়ার, পাখিদের আবাসনের ব্যবস্থা করে দিচ্ছে। বছর ধরে এ রকম নানা কাজ করে এরই মধ্যে নজর কেড়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির আহ্বায়ক বন্যপ্রাণী আলোকচিত্রী আদনান আজাদ বাংলদেশ প্রতিদিনকে বলেন, ‘বিশ্বে এমন নজির খুব কম। বন বিভাগ বা পরিবেশ মন্ত্রণালয়ের বাইরেও ব্যক্তিগত পর্যায়ে কোনো রাজনৈতিক নেতাকে এভাবে কাজ করতে দেখা যায় না। প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিয়ে কাজ করতে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমরা প্রাণিপ্রেমীরা বিশ্বাস করি, আমরা বহু প্রাণী নিয়ে কাজ করতে পারব। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া অ্যাম্বুলেন্স প্রতিদিন অসহায় আহত প্রাণী উদ্ধারে কাজ করে যাচ্ছে।’
কিছু সমস্যার কথাও জানিয়েছেন আদনান আজাদ। বলেন, ‘আমাদের দেশের মানুষ সন্দেহপ্রবণ। অনেকেই এমনি এমনি কল করে প্র্যাঙ্ক করেন। অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার পর দেখা যায় কিছুই ঘটেনি। আমাদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অ্যাম্বুলেন্স কাজ করে কি না তা দেখার জন্য কল করেছি।’
রাজধানীর আফতাবনগরের বাসিন্দা নিশাত তাসনীম বলেন, ‘একটা পথকুকুর আহত হওয়ার পরপরই অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে কল দিই। তারা তৎক্ষণাৎ কুকুরটি উদ্ধার করে চিকিৎসাসেবা নিশ্চিত করেছে।’ তিনি বলেন, ‘প্রাণীদের অধিকার রক্ষা এবং এদের প্রতি নিষ্ঠুরতা রোধে আরও বেশ কিছু সংগঠন কাজ করছে। কিন্তু এর মধ্যে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবচেয়ে বেশি কর্যকর এবং দক্ষতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে।’ প্রাণী নিয়ে কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে আদনান আজাদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব রকম প্রাণীর চিকিৎসাসেবা নিশ্চিত করছি। আমাদের হাসপাতালে নিয়মিত চিকিৎসা হচ্ছে। অসহায় প্রাণীদের সেবায় আমাদের কার্যক্রম আরও বড় হচ্ছে। “দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল” স্লোগান সামনে রেখে সারা দেশে কাজ করছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এরই ধারাবাহিকতায় প্রাণীদের জন্য সুষম খাদ্য বিতরণসহ অসুস্থ প্রাণীদের চিকিৎসা করছে প্রতিষ্ঠানটি।’ তিনি জানান, এ ধরনের প্রয়োজনে ০১৩৪৬৯৯০২৪৪ নম্বরে কল করলেই অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে নির্ধারিত ঠিকানায়।
