গুলিস্তানে মতিউর পার্কের সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
রাজধানীর গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনে ফুটপাতের ওপর থেকে এক অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুজ্জামান (অভি) জানান, ভোর সাড়ে ৬টার দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। পরে সার্জেন্ট আহাদ বক্স পুলিশ ফাঁড়ির টহল পুলিশের সদস্যরা আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই।
তিনি আরও জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরের প্রকৃতির। ওই এলাকায় থাকতো। আমাদের ধারণা অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি।
