‘উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই আস্থা অর্জন করবে বিএনপি’
বিশেষ প্রতিনিধি, বগুড়া
ধর্ম বা বেহেশতের প্রলোভন দেখিয়ে নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক-অর্থনৈতিক মুক্তি ও সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনার মাধ্যমেই বিএনপি জনগণের মন জয় করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শনিবার দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জনগণের সরকার। সরকারের দায়িত্ব গ্রহণের পর গত সাত মাসে শিবগঞ্জ ও মোকামতলাসহ সারা দেশে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিএনপি কথার ফুলঝুরি নয়, মানুষের কল্যাণে বাস্তব কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চায়।
রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, নির্বাচনের আগে যারা মিথ্যা আশ্বাস ও বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়েছিল, নির্বাচনের পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলেও হিন্দু সম্প্রদায়ের কল্যাণ কিংবা মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়নি। অথচ বিএনপি সরকার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সরকারি ভাতার আওতায় আনার ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে।
আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ফাঁকি বা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার রাজনীতি বিএনপি করে না। জনগণের সেবা ও উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে আগামী নির্বাচনেও জনগণের ভোটে নির্বাচিত হতে চায় সরকার। আগামী তিন থেকে চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং দুই কোটি ১০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
শিবগঞ্জ ও মোকামতলা এলাকার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে নতুন মোকামতলা উপজেলা গঠন এবং সৈয়দপুর ইউনিয়নকে বিভক্ত করে দুটি পৃথক ইউনিয়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মোকামতলা থেকে সোনাতলা হয়ে সাঘাটা পর্যন্ত সড়ক যোগাযোগ সম্প্রসারণ এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের মধ্যে প্রায় ৬০০ ছানি আক্রান্ত রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগী ও বয়োজ্যেষ্ঠরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা আরও জানান, দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে রবিবার (২৫ অক্টোবর) শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ছয় শতাধিক মেধাবী ছাত্রীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
