পিছিয়ে পড়েও চট্টগ্রাম সিটিকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে শুরুতেই গোল হজম করেছিল বসুন্ধরা কিংস। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি দলটি। দুর্দান্ত প্রত্যাবর্তনে চট্টগ্রাম সিটি এফসিকে ৪-২ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে দাপুটে জয় তুলে নিয়েছে কিংস। ম্যাচে তিনটি অ্যাসিস্ট করে আলো ছড়িয়েছেন মোহাম্মদ হৃদয়, আর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাইকে করেছেন জোড়া গোল।

শনিবার (২৪ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের ১৩ মিনিটে সোনাম আশিসের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম সিটি এফসি। তবে ২৮ মিনিটে মোহাম্মদ হৃদয়ের নিখুঁত পাস থেকে গোল করে বসুন্ধরা কিংসকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো।

এর চার মিনিট পর আবারও হৃদয়ের পাস থেকে গোল করেন কাইকে। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বসুন্ধরা কিংস। ৫০ মিনিটে হৃদয়ের তৃতীয় অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান বাড়ান রাকিব হোসেন। এরপর ৭৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন কাইকে।

ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে চট্টগ্রাম সিটি এফসির হয়ে একটি গোল শোধ করেন জাফর ইকবাল। তবে তাতে ব্যবধান কমলেও পরাজয় এড়াতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে কিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights